আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) দুপুরে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এর আগে তিনি সীমান্তের শূন্য রেখায় ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরে ডাক বাংলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মন্ডলসহ বন্দরের ব্যবসায়ীরা।
এসময় মনোজ কুমার বলেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্ক ও ব্যবসায়ীদের ভূমিকা দুই দেশের সরকারের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে। দুই দেশের আমদানিকারক, রপ্তানিকারক ও ব্যবসায়ীরা অত্যন্ত ভালো কাজ করে যাচ্ছেন। বিশেষ করে ব্যবসায়িক সম্পর্ক, অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও উন্নত করতে তারা চমৎকার ভূমিকা পালন করছেন।’
তিনি বলেন, ‘বাণিজ্য প্রসার ও ট্রাক সংখ্যা বৃদ্ধি করতে ভারতীয় রপ্তানিকারক সমিতির সঙ্গেও কথা বলেছি। বর্তমানে প্রতিদিন ১২০ থেকে ১২২টি ট্রাক চলাচল করে। তারা এই সংখ্যা কীভাবে বাড়িয়ে ১২০ থেকে ১৫০টি পর্যন্ত করা যায়, সে বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এটি একটি ভালো উদ্যোগ ও চিন্তা-ভাবনা।’





