পেন্টাগনে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা

পেন্টাগন
পেন্টাগন | ছবি: সংগৃহীত
0

ইউএস জয়েন্ট স্টাফের অন্তত ৫০ জন সদস্যের ওপর পলিগ্রাফ পরীক্ষা (মিথ্যা শনাক্তকরণ পরীক্ষা) চালিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সংবাদমাধ্যমের কাছে বিভিন্ন গোপন তথ্য ফাঁসকারীকে শনাক্ত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারে ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুত কমে যাওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে আসার পর পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা ক্ষুব্ধ হন। এই তথ্য কীভাবে ফাঁস হলো, তা খুঁজে বের করতে গত আগস্টে এই পরীক্ষাগুলো চালানো হয়। বিদ্রূপের বিষয় হলো, পলিগ্রাফ পরীক্ষা নেয়ার এই খবরটিও কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমের কাছে ফাঁস করেছেন।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেন, পেন্টাগন অভ্যন্তরীণ তদন্ত বা কর্মী সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করে না। তবে জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত গোপন তথ্য ফাঁসের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয় এবং সে অনুযায়ী তদন্ত করা হয়। তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে মোতায়েন থাকা আমাদের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে গোপনীয় তথ্য রক্ষা করা অত্যন্ত জরুরি।’

এর আগে গত বছরের মার্চেও গোপন তথ্য ফাঁসের ঘটনায় পেন্টাগনের কর্মীদের পলিগ্রাফ পরীক্ষা নেয়ার হুমকি দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তৎকালীন ভারপ্রাপ্ত জয়েন্ট চিফস চেয়ারম্যান অ্যাডমিরাল ক্রিস্টোফার গ্র্যাডির ওপরও তিনি এ নিয়ে ক্ষোভ ঝেড়েছিলেন বলে জানা গেছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, সে সময় হেগসেথ ওই অ্যাডমিরালকে উদ্দেশ্য করে চিৎকার করে বলেছিলেন, ‘আমি তোমাকেও পলিগ্রাফ পরীক্ষার মুখোমুখি করবো!’

এএম