ঝিনাইদহে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০

সংঘর্ষে বসতবাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে
সংঘর্ষে বসতবাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে | ছবি: এখন টিভি
0

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার দলিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাভিত্তিক সামাজিক মাতব্বরি ও প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দলিলপুর গ্রামের মাতব্বর শাহিন বিশ্বাস এবং আবু জাহিদের সমর্থকদের মধ্যে তিক্ত বিরোধ চলে আসছিলো। শনিবার সকালে নাগিরাট গ্রামে সার কেনাবেচাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দু’পক্ষ। এর জেরে ক্ষিপ্ত হয়ে দলিলপুর গ্রামে উভয় পক্ষের লোকজন ঢাল, সরকি, রামদা ও লাঠিসোঁটাসহ দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন:

ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এসময় প্রতিপক্ষকে ঘায়েল করতে বেশ কয়েকটি বাড়িঘরে ইটপাটকেল নিক্ষেপ ও আসবাবপত্র ভাঙচুর করার অভিযোগ ওঠে। আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে শৈলকুপা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় নতুন করে সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। বর্তমানে সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

এসএইচ