প্রকৌশলীদের ‘স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেবে লাফার্জহোলসিম

হোলসিম স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ সভা
হোলসিম স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ সভা | ছবি: সংগৃহীত
0

অবকাঠামো খাতে উদ্ভাবন, টেকসই নির্মাণ ও প্রকৌশলগত উৎকর্ষকে উৎসাহিত করতে ‘হোলসিম স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ চালু করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি।

গতকাল (বুধবার, ২ সেপ্টেম্বর) ঢাকায় বিশিষ্ট সিভিল ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ ও নির্মাণ বিশেষজ্ঞদের উপস্থিতিতে এ অ্যাওয়ার্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরী। আগামী ২০২৭ সালের জানুয়ারিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

অনুষ্ঠানে জানানো হয়, চারটি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হবে। ক্যাটাগরিগুলো হলো: হাই পারফর্মিং কংক্রিট স্ট্রাকচার, অ্যাডভান্সড কংক্রিট টেকনোলজি অ্যান্ড সার্কুলারিটি, লেজেন্ডারি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড এবং নেক্সট জেনারেশন/ভিশনারি ডিজাইন। এর মধ্যে শেষ ক্যাটাগরিতে ১০ জন উদীয়মান প্রকৌশলী এবং বাকি তিন ক্যাটাগরিতে একজন করে বিজয়ী নির্বাচিত হবেন। পাশাপাশি একজনকে দেওয়া হবে গ্র্যান্ড অ্যাওয়ার্ড।

পুরো প্রতিযোগিতা পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে উদ্বোধনের পর দ্বিতীয় ধাপে আগ্রহী প্রকৌশলীরা অনলাইনে প্রকল্প ও প্রয়োজনীয় নথি জমা দেবেন। তৃতীয় ধাপে সেরা প্রকল্পগুলো জুরি বোর্ডের সামনে উপস্থাপনের জন্য বাছাই করা হবে। চতুর্থ ধাপে জুরি বোর্ডের মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন এবং শেষ ধাপে পুরস্কার প্রদান করা হবে।

লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরী বলেন, ‘দেশের দ্রুত আধুনিকায়ন ও টেকসই অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মার্ট, জলবায়ু সহনশীল ও টেকসই নগরায়নের পথে বাংলাদেশের প্রকৌশলীদের উদ্ভাবনী কাজকে স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘অ্যাওয়ার্ডের মাধ্যমে উদ্ভাবন, পরিবেশবান্ধব নির্মাণ এবং অভিজ্ঞ ও তরুণ প্রকৌশলীদের উৎসাহিত করার পাশাপাশি বৈশ্বিক অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তির সঙ্গে দেশের প্রকৌশলীদের যুক্ত করার সুযোগ তৈরি হবে।’

পুরকৌশল খাতের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ডে রয়েছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান, অনন্ত গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর জেনারেল (অব.) নিজাম আহমেদ, ইন্টার স্পেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও লিড ডিজাইন ইঞ্জিনিয়ার প্রকৌশলী আবদুল্লাহ আল হোসেন চৌধুরী (রিজভী), এসবি কনসালটেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ. কে. এম. সাইফুল বারী এবং এমআইএসটির পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল ড. খন্দকার শাকিল আহমেদ।

লাফার্জহোলসিম বাংলাদেশের কমার্শিয়াল ও লজিস্টিকস ডিরেক্টর মোহাম্মদ মাহফুজুল হক বলেন, উচ্চমানসম্পন্ন ও টেকসই নির্মাণ সামগ্রী সরবরাহের পাশাপাশি দেশের সেরা প্রকৌশলীদের প্রতিভার স্বীকৃতি এবং আগামী প্রজন্মের জন্য পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গঠনে প্রতিষ্ঠানটি কাজ করছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাফার্জহোলসিম বাংলাদেশের হেড অব মার্কেটিং আবিদ মাহমুদ।

জেআর