এর আগে গতকাল (সোমবার, ৩১ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় কুইক রেসপন্স ফোর্সের (কিউআরএফ) দায়িত্ব পালনকালে বিমান বাহিনীর সাতজন সদস্য বহনকারী একটি জিপ মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার পরপরই বিমান বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান।
সিএমএইচ-এর কর্তব্যরত চিকিৎসক বাংলাদেশ বিমান বাহিনীর তিনজন সদস্য—ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান পিয়াস এবং এলএসি মো. জুবাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এছাড়া এই দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশ বিমান বাহিনীর অন্য চারজন সদস্য বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ৫ আগস্ট থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অদ্যাবধি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, যাত্রীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত ও সার্বিক নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে নিরলস দায়িত্ব পালন করে চলেছেন।
আরও পড়ুন:
আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার (কুর্মিটোলা)-এর সি-১৩০ হ্যাঙ্গারে সামরিক মর্যাদায় মরহুমদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি জানাজা নামাজে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন:
এসময় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি মরহুমদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। এছাড়া অনুষ্ঠানে মরহুমদের পরিবারের সদস্যরা, প্রাক্তন বিমান বাহিনী প্রধান, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অন্যান্য পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে, মরহুমদের নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে, বিমান বাহিনীর প্রতিনিধিদল যথাযথ সামরিক মর্যাদায় মরহুমদের দাফনকার্য সম্পন্ন করবে।
বিমান বাহিনীর পক্ষ থেকে তাদের এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।



