দায়িত্ব পাওয়ার পর থেকেই সব কিছু গুছিয়ে নতুন আঙ্গিকে বিপিএল আয়োজনের কথা বলছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবি। সম্প্রতি বোর্ড সভাপতি তামিম ইকবাল জানান, এ বছর হচ্ছে না বিপিএল। এ নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের পর এবার বিপিএল ইস্যুতে বোর্ডের সঙ্গে বৈঠকে বসে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।
বৈঠক শেষে কোয়াবের প্রতিনিধি হিসেবে গণমাধ্যমের মুখোমুখি হন নাসির হোসেন। তিনি জানান, ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় বোর্ডের সঙ্গে দেনদরবার হয়েছে সংগঠনটির।
নাসির হোসেন বলেন, ‘বাট এটা মোটামুটি শিওর যে, বিপিএল এবারকার হচ্ছে না আরকি। ক্রিকেট বোর্ড এটা আমাদের সাথে মানে বিপিএল হচ্ছে না আরকি, এটা মোটামুটি শিওর হইছি আমরা। আর হচ্ছে আমরা প্লেয়াররা কিভাবে বেনিফিটেড হতে পারি, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি। তো এটা আমি বারবার বলতেছি, এটা হয়তোবা নেক্সট মিটিংয়ে আপনারা বুঝতে পারবেন।’
বিপিএলের পরিবর্তে বিকল্প কিছু প্রস্তাবও পেয়েছে কোয়াব। তবে সেটি এখনই খোলাসা না করলেও সন্তুষ্টি জানিয়েছে সংগঠনটি। অতিরিক্ত একটি টুর্নামেন্টের আক্ষেপও ছিল নাসিরের কণ্ঠে।
নাসির হোসেন বলেন, ‘অবশ্যই আমরা চাচ্ছিলাম যে একটা টুর্নামেন্ট যদি হয় ওখানে, তাহলে জিনিসটা খুব ভালো হতো। বাট এটা এখনো ফাইনাল হয়নি টুর্নামেন্ট হবে কি হবে না। বাট আমি ওইটাই বারবার বলতেছি যে যে নেক্সট মিটিংয়ে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন আপনারা যে আসলে আমরা কোন জায়গায় যাচ্ছি বা কি টুর্নামেন্ট হচ্ছে বা প্লেয়ারদের জন্য কি ভালো হবে, এটা নেক্সট মিটিংয়ে আমরা ক্লিয়ার করব।’
একদিন আগেই বিসিবির সঙ্গে বৈঠক শেষে বিপিএল নিয়ে বোর্ডের ভাবনার পক্ষে থাকার কথা জানিয়েছিল তিন ফ্র্যাঞ্চাইজি। বোর্ডের ভাবনা ইতিবাচকভাবে দেখছে কোয়াবও। যদিও এখনও কিছু চূড়ান্ত নয় বলেই মনে করছে ক্রিকেটারদের এই সংগঠন।
নাসির হোসেন বলেন, ‘তারা আমাদেরকে কিছু প্রপোজাল দিছে এবং আমাদের এখান থেকেও কিছু প্রপোজাল আসছে, বাট জিনিসটা এখনো ফাইনাল হয়নি। আমরা আবার নেক্সট টাইম বসব এবং এটা নিয়ে আলোচনা করব।’
বিসিবি, ফ্র্যাঞ্চাইজি, কোয়াব তিন পক্ষই বিপিএলের সংস্কারের পক্ষে। আলোচনার শেষে গ্রহণযোগ্য বিপিএলের রূপরেখার অপেক্ষায় সবাই।





