ভিয়েনায় মিউজিয়ামে ডাকাতি: ৬০‌০ হীরার ঐতিহাসিক রাজকীয় নেকলেস চুরি

ভিয়েনায় মিউজিয়ামে  ৬০‌০টির বেশি হীরাখচিত নেকলেস
ভিয়েনায় মিউজিয়ামে ৬০‌০টির বেশি হীরাখচিত নেকলেস | ছবি: সংগৃহীত
0

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি মিউজিয়াম থেকে দিনেদুপুরে ৬০‌০টির বেশি হীরাখচিত একটি ঐতিহাসিক নেকলেস চুরি হয়েছে। প্রদর্শনী দেখার টিকিট কেটে ভেতরে ঢুকে দুই ব্যক্তি এই চুরির ঘটনা ঘটায়। এ ঘটনার পর সন্দেহভাজন ওই দুই চোরকে ধরতে আন্তর্জাতিকভাবে তল্লাশি শুরু করেছে পুলিশ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভিয়েনা মিউজিয়াম অব অ্যাপ্লাইড আর্টস (এমএকে) থেকে প্লাটিনাম ও হীরার তৈরি এই নেকলেসটি চুরি হয়। পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার বিকেলে সন্দেহভাজন দুই ব্যক্তি মিউজিয়ামের কাচের প্রদর্শনীর বাক্স ভেঙে নেকলেসটি নিয়ে পালিয়ে যায়। এটির আনুমানিক মূল্য ৪০ লাখ ডলারেরও বেশি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ কোটি টাকা)।

মিসরের সাবেক রাজপরিবারের জন্য তৈরি করা এই নেকলেসটি ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলসের অলংকার প্রদর্শনীর অংশ হিসেবে এমএকে-তে রাখা হয়েছিল। ১৯৩৯ সালে মিসরের রানি নাজলি তার মেয়ে ফাওজিয়ার সঙ্গে ইরানের ভবিষ্যৎ শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিয়েতে এই ঐতিহাসিক নেকলেসটি পরেছিলেন। ২০০ ক্যারেটের বেশি ওজনের হীরাখচিত এই নেকলেসটিকে ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলস সাদা অলংকারের সেরা শিল্পকর্ম হিসেবে বর্ণনা করে থাকে। এক দশক আগে নিলামে এটির মূল্য নির্ধারণ করা হয়েছিল ৩৬ থেকে ৪৬ লাখ ডলার।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সন্দেহভাজনদের একজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে ধারণা করা হচ্ছে। নেকলেসটি নেয়ার পর তারা মিউজিয়ামের ঠিক দক্ষিণে অবস্থিত ভিয়েনা স্ট্যাডপার্কের দিকে পালিয়ে যায়। চোরদের ধরতে ভিয়েনা ও লোয়ার অস্ট্রিয়া প্রদেশে পুলিশ কুকুর নামানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

মিউজিয়ামের মহাপরিচালক লিলি হলিন বলেন, ‘অত্যন্ত মূল্যবান একটি অলংকার চুরির এই ঘটনা আমাদের জন্য বড় একটি ধাক্কা।’ তবে তিনি জানান, ঘটনার সময় সেখানে কর্তব্যরত কর্মীরা পরিস্থিতি শান্তভাবে মোকাবিলা করেছেন এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের বড় বড় মিউজিয়ামে চুরির ঘটনার প্রেক্ষাপটে প্রদর্শনীটির জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

ইউরোপের বিভিন্ন দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ধারাবাহিক চুরির ঘটনার সর্বশেষ উদাহরণ এটি। সম্প্রতি স্পেনের একটি মিউজিয়াম থেকে প্রাগৈতিহাসিক যুগের অলংকার এবং এ মাসের শুরুতে সিসিলি ও পারমা থেকে রেনোয়ার ও মাতিসের মতো বিখ্যাত চিত্রশিল্পীদের চিত্রকর্ম চুরি হয়। এছাড়া গত বছরের অক্টোবরে প্যারিসের ল্যুভর মিউজিয়াম থেকেও মূল্যবান রত্ন সামগ্রী চুরি হয়। ইউরোপীয় পুলিশ সংস্থা ইউরোপোল জানিয়েছে, মিউজিয়ামে চুরির ঘটনাগুলো ‘দিন দিন আরও বেশি উগ্র ও বলপ্রয়োগের দিকে যাচ্ছে, যা নতুন কোনো অপরাধী চক্রের সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয়।’

এএম