উত্তরায় অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই

গোলাগুলির প্রতীকী
গোলাগুলির প্রতীকী | ছবি: সংগৃহীত
0

রাজধানীর উত্তরায় প্রকাশ্য দিবালোকে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) সকাল পৌনে ১০টায় উত্তরা ১১ নং সেক্টর সোনারগাঁও জনপদ সড়কে ডেলিসিয়াস কফি শপের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নূর নাফি ডেভেলপারস লিমিটেড কোম্পানির সহকারী হিসাবরক্ষক নাদিম আহমেদ সুজন ১১ নং সেক্টরের অফিস থেকে রিক্সাযোগে জনতা ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছানোর পর এক ব্যক্তি রিক্সা থামানোর জন্য সংকেত দেয়। রিক্সা থামানোর পর আরও ৩ জন আসে। এক ব্যক্তি পিস্তল ঠেকিয়ে নিজেকে পিস্তল বাবু পরিচয় দিয়ে সঙ্গে থাকা ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন:

উক্ত ডেভেলপারস কোম্পানির এমডি মো. মনির হোসেন বলেন, ‘সুজন অফিস থেকে টাকা নিয়ে রাজউকের ফি দিতে উত্তরা ৬ নং সেক্টরে জনতা ব্যাংকে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে। উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের কাছে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। আমরা লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেব।’

এফএস