কিরগিজস্তান ও মিসর সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং | ছবি: রয়টার্স
0

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কিরগিজস্তান সফর করে বিশকেকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দেবেন। এরপর তিনি মিসর সফরে যাবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শির এই সফর চলবে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বুধবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, বিশকেকে এসসিও সম্মেলনে শি সদস্যদেশগুলোর সঙ্গে সহযোগিতা আরও বাড়ানো এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা করবেন। এই সম্মেলনে রাশিয়া ও ইরানসহ সদস্যদেশগুলোর প্রতিনিধিরা থাকবেন।

লিন জিয়ান জানান, কিরগিজস্তান সফরে শি দেশটির প্রেসিডেন্ট সাদির জাপারভের সঙ্গে বৈঠক করবেন। সফরের সূচিতে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানও রয়েছে।

মিসরে শি প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক করবেন। লিন জিয়ানের ভাষ্য অনুযায়ী, এই সফরে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ‘ইতিবাচক অবদান’ রাখার লক্ষ্য নিয়ে আলোচনা হবে। তিনি জানান, ১০ বছর পর মিসরে এটি হবে শির প্রথম রাষ্ট্রীয় সফর এবং দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য এটি তাৎপর্যপূর্ণ।

এ সফরের সময় এমন এক প্রেক্ষাপট সামনে এসেছে, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়েছে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। যুদ্ধ শুরুর আগে মধ্যপ্রাচ্য ছিল চীনের অপরিশোধিত তেল আমদানির প্রধান উৎস। চলতি বছর শি জিনপিংর এটি হবে দ্বিতীয় বিদেশ সফর। এর আগে জুনে তিনি উত্তর কোরিয়া সফর করেন।

এএম