ভারতে বন্যার তাণ্ডব, জাপান-তাইওয়ান উপকূলে ধেয়ে আসছে টাইফুন সদেল

টাইফুন ডলফিনের প্রভাব
টাইফুন ডলফিনের প্রভাব | ছবি: সংগৃহীত
0

মৌসুমি ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের দিল্লি, হরিয়ানা ও উত্তর প্রদেশের বিভিন্ন অঞ্চল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দিল্লিতে বাতিল অন্তত ১৮টি ফ্লাইট। জারি রয়েছে রেড এলার্ট। এদিকে, নতুন করে বন্যা দেখা দিয়েছে উত্তরপ্রদেশের ১৯ জেলায়। অন্যদিকে, জাপান ও তাইওয়ান উপকূলের দিকে ধেয়ে আসছে টাইফুন সদেল। এর প্রভাবে ভারী বৃষ্টি ও বন্যার পূর্বাভাস জারি রয়েছে উত্তর তাইওয়ানের বিভিন্ন অংশে। আর টাইফুন নারা শক্তি হারিয়ে ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হলেও, এর প্রভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত চীনের গুয়াংজি, হাইনান ও গুয়াংডং প্রদেশে।

ঘন- কালো মেঘে আকাশ ছেয়ে থাকায় দিনের আলোতে হেডলাইট জ্বালিয়ে দিল্লির রাস্তায় চলছে যানবাহন। সেই সঙ্গে অবিরাম ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে শহরটির গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক।

গতকালের (সোমবার, ২৪ আগস্ট) পর আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) ও স্থানীয় সময় সকাল থেকে ভারী বৃষ্টি বইছে দিল্লির বিভিন্ন অংশে। জারি রয়েছে রেড এলার্ট। আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে ঝড়ো হাওয়া ও ব্রজপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি ঝরছে দিল্লিজুড়ে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব পড়েছে দিল্লির বেসামরিক বিমান চলাচলেও। বাতিল হয়েছে ১৮টি ফ্লাইট। বিলম্ব হচ্ছে শতাধিক অভ্যন্তরীণ বিমান ওঠানামাতেও। শুধু দিল্লি নয়, উত্তরপ্রদেশ ও হরিয়ানার বিভিন্ন অংশেও জারি বৃষ্টি ও ঝড় সতর্কতা। প্রতিকূল আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করানোর পরামর্শ দেয়া হয়েছে।

জাপানের দক্ষিণ ও উত্তর তাইওয়ানের দিকে এগোচ্ছে টাইফুন সোদেল। আবহাওয়া দপ্তর বলছে, কিছুটা দুর্বল হলেও মাঝারি মাত্রার টাইফুনটি শুক্রবার তাইওয়ানে আঘাত হানবে। এর প্রভাবে তাইওয়ানের তাইনান ও কাওশিউংয়ে জারি ভারী বৃষ্টি ও বন্যা সতর্কতা। এছাড়াও, সোদেলের প্রভাবে পূর্ব চীনের ফুজিয়ানা জারি করা হয়েছে অরেঞ্জ সতর্কতা। টাইফুনের কারণে পূর্ব চীন সাগরে ২৩ থেকে ৪০ ফুট উঁচু ঢেউয়ের আগাম পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

এদিকে, শক্তি হারিয়ে টাইফুন নারা ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হলেও, এর প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত চীনের গুয়াংজি, হাইনান ও গুয়াংডং প্রদেশে। টইটুম্বুর পানিতে তলিয়ে বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাট। দোকানে পানি ঢুকে পড়ায় স্থবির ব্যবসা- বাণিজ্য। সড়কে পড়ে আছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। বন্যার কারণে অনত্র সরিয়ে নেয়া হয়েছে বিভিন্ন এলাকার ৫৪ হাজার বাসিন্দাকে ।

জেআর