২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

প্রতীকী
প্রতীকী | ছবি: সংগৃহীত
0

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পরে আশ্রয়ের আবেদন করা অন্তত দুই লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ পরিকল্পনা কার্যকর হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বেশি ভিসা বাতিলের ঘটনা ঘটতে পারে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এপির হাতে আসা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নথি এবং দুই কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বি-১ ও বি-২ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের মধ্য থেকে প্রায় দুই লাখের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ পরিকল্পনা বাস্তবায়ন করবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট এপিকে বলেন, ‘স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা বলে ভিসা নেয়ার পর স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে আশ্রয়ের আবেদন করা বিদেশিদের শনাক্ত করা হচ্ছে। তাদের অস্থায়ী ভিসা বাতিল করা হবে।’

তবে কতজনের ভিসা বাতিল করা হচ্ছে—এ বিষয়ে নির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করেননি পিগোট।

কর্মকর্তারা জানিয়েছেন, ভিসা বাতিল হলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া হবে না। যাদের আশ্রয়ের আবেদন এখনো নিষ্পত্তি হয়নি, তাদের ভিসার ধরন পরিবর্তন করা হতে পারে। তবে এরপর তারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে ভ্রমণকারী হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন না।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে ভিসা দেয়া ও অভিবাসন ব্যবস্থায় কঠোর নীতি গ্রহণ করেছে। নতুন এ উদ্যোগকে সেই কঠোর অভিবাসন নীতিরই আরেকটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এএইচ