কক্সবাজারে একরামুল হক হত্যা: ট্রাইব্যুনালে হাজির সাবেক এমপি বদি

একরামুল হক ও আবদুর রহমান বদি
একরামুল হক ও আবদুর রহমান বদি | ছবি: এখন টিভি
0

কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) সকালে বদিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। একইসঙ্গে এই মামলায় সেনা হেফাজতে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

কক্সবাজারের টেকনাফে বন্দুক যুদ্ধে একরামুল হক নিহত হওয়ার ঘটনায় গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুক যুদ্ধে’ নিহত হন একরামুল হক। তিনি টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।

একরামুল হকের মৃত্যুর ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ও অভিযোগ রয়েছে। পরবর্তীতে ঘটনাটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগের আওতায় এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। যাতে আবদুর রহমান বদিকে আসামি করা হয়েছে।

এএইচ