আজ (সোমবার, ২৪ আগস্ট) নগরীর বিভিন্ন এলাকায় পরিদর্শনকালে ভবনের অনুমোদিত নকশা, পার্কিং ব্যবস্থা এবং সড়কের জায়গা দখল করে কোনো স্থাপনা কিংবা গাড়ি রাখা হচ্ছে কি না—এসব বিষয় খতিয়ে দেখেন তিনি।
পরিদর্শনকালে নাউকের প্রশাসক মাসুকুল ইসলাম রাজীব বলেন, ‘ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা যথাযথভাবে অনুসরণ করতে হবে। আবাসিক কিংবা বাণিজ্যিক ভবনে নির্ধারিত পার্কিং ব্যবস্থা না থাকলে সড়কে গাড়ি রাখার কারণে যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বাড়ে।’
তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জ নগরীর যানজট কমাতে পার্কিং ব্যবস্থাকে গুরুত্ব দেয়া হচ্ছে। অনুমোদিত নকশার বাইরে গিয়ে ভবন নির্মাণ কিংবা নির্ধারিত পার্কিংয়ের জায়গা অন্য কাজে ব্যবহার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
এ সময় ভবন মালিকদের অনুমোদিত নকশা মেনে চলার পাশাপাশি নির্ধারিত পার্কিংয়ের জায়গা দখল বা অন্য কোনো কাজে ব্যবহার না করার জন্য সতর্ক করেন তিনি।
নগরবাসীর অভিযোগ, নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাণিজ্যিক এলাকায় অনেক ভবনে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নেই। ফলে ভবনের সামনে ও সড়কের পাশে গাড়ি পার্কিং করায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট। এতে পথচারীসহ সাধারণ মানুষের চলাচলে বাড়ছে দুর্ভোগ।
নগরবাসী বলছেন, শুধু সতর্কতা নয়, নিয়ম অমান্যকারী ভবন মালিকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে সড়কে অবৈধ পার্কিং কমবে এবং নগরীর যানজটও অনেকটা নিয়ন্ত্রণে আসবে।





