কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকলে নিরসন হয়ে যাবে: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন
ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন | ছবি: এখন টিভি
0

মন্ত্রিসভায় যুক্ত করায় হেফাজতে ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের আপত্তির বিষয়ে নতুন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেছেন, কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা আলোচনার মাধ্যমে নিরসন হয়ে যাবে। আজ (রোববার, ২৩ আগস্ট) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে মতবিরোধের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, গতকাল জামিয়া মাদানিয়া বারিধারায় গিয়ে জমিয়তে ওলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং মনির কাসেমীর সঙ্গে কুশল ও মতবিনিময় করেছেন তিনি।

তিনি বলেন, নির্বাচনে যেমন কোনো একটি দলকে শতভাগ মানুষ ভোট দেন না, মানুষের পছন্দ-অপছন্দে ভিন্নতা থাকে। একইভাবে যেকোনো পদে নতুন নিয়োগের ক্ষেত্রেও সবার দৃষ্টিভঙ্গি এক নাও হতে পারে। এটি স্বাভাবিক প্রক্রিয়া।

শামীম কায়সার লিংকন বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আগে কাজ করার অভিজ্ঞতা তাঁর ছিল না। তাই ওলামা-মাশায়েখদের সঙ্গে যোগাযোগের পরিধি যত বাড়বে এবং পারস্পরিক আলোচনা যত বেশি হবে, কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা দ্রুত নিরসন হবে বলে তিনি আশা করছেন।

তিনি বলেন, অনেক সময় সরাসরি কথা বলার সুযোগ না থাকলে বা আংশিক তথ্য পৌঁছালে কোনো বিষয় ভিন্নভাবে ব্যাখ্যা হতে পারে। এতে বিভ্রান্তি তৈরি হওয়ারও সুযোগ থাকে।

গতকালের সাক্ষাতের প্রসঙ্গ তুলে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ওলামায়ে কেরামদের কিছু বিষয় জানার ছিল। তিনি তাঁদের সন্তোষজনক উত্তর দিতে পেরেছেন বলে মনে করেন। একই সঙ্গে তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে বিভিন্ন মতের প্রথিতযশা ওলামায়ে কেরামদের সহাবস্থানকে কেন্দ্র করেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হয়। শুধু ইসলাম ধর্মাবলম্বী নেতৃবৃন্দ নয়, অন্যান্য ধর্মের নেতৃবৃন্দ ও ধর্মীয় গুরুদের কাছেও যাওয়াকে নিজের দায়িত্ব মনে করেন তিনি।

তিনি বলেন, ইনশাআল্লাহ, আমি সবার কাছেই যাব এবং সরাসরি আলোচনা করব। এতে করে যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি দূর হয়ে যাবে বলে আশা করছি।

এএইচ