লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জন

দেশে ফেরা বাংলাদেশিরা
দেশে ফেরা বাংলাদেশিরা | ছবি: এখন টিভি
0

সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যেতে লিবিয়ায় অনুপ্রবেশের পর দেশটির বেনগাজির গানফুদা বন্দিশালায় আটকে থাকা আরও ১৭৪ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার।

আজ (মঙ্গলবার, ১৮ আগস্ট) সকাল ৬টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। এ নিয়ে লিবিয়ার বন্দিশালায় আটক থাকা এবং দেশটিতে অবৈধ হয়ে পড়া ২ হাজার ৫১২ জনকে দেশে ফিরিয়ে আনা হলো।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) সহযোগিতায় এ ১৭৪ জনকে দেশে ফেরানো হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ১৭৫ জন, ৬ মার্চ ১৬৫ জন, ১ এপ্রিল ১৭৫ জন, ২৩ এপ্রিল ১৭৪ জন, ৭ মে ১৭৪ জন, ২০ মে ১৭০ জন, ১ জুন ১৭৪ জন, ২৪ জুন ১৭০ জন, ২৫ জুন ১৭২ জন, ৭ জুলাই ১৭৪ জন, ১৬ জুলাই ১৭১ জন এবং গত ৭ আগস্ট ৩৪০ জনকে দেশে ফিরিয়ে আনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিরিয়ে আনা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেন। তাদের অনেকেই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের পথ খরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

জনসচেতনতা বাড়াতে লিবিয়ার বন্দিশালা থেকে ফেরত আসা বাংলাদেশিদের তাদের দুর্বিষহ অভিজ্ঞতা সবাইকে জানানোর অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এএইচ