ব্যাংক জটিলতা ও ঢাকায় নিরাপত্তাহীনতায় ভীতি— ভিডিওবার্তায় কোচ জেরার্ড জোনস

জেরার্ড জোনস; বাফুফে ভবন ও জেরার্ড জোনসের পোস্ট
জেরার্ড জোনস; বাফুফে ভবন ও জেরার্ড জোনসের পোস্ট | ছবি: এখন টিভি
0

বাংলাদেশের ফুটবল অঙ্গনে হঠাৎ করেই তৈরি হয়েছে এক অস্থির পরিবেশ। কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক ভিডিও বার্তার পর, এবার একটি আবেগঘন পোস্ট দিয়েছেন অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোনস। ব্যাংক সম্পর্কিত জটিলতা, ব্যক্তিগত গোপনীয় আর্থিক তথ্য ছড়িয়ে পড়া এবং ঢাকার রাজপথে নিরাপত্তাহীনতায় ভীতি ও একা বোধ করার কথা প্রকাশ্যে এনেছেন তিনি।

দিনের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া ভিডিও বার্তায় বেতন না পাওয়ার অভিযোগ করেন জেরার্ড জোনস। এরপর মাত্র দুই থেকে তিন ঘণ্টার ব্যবধানে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেন বিদেশি এই ফুটবল কোচ।

পূর্বের বার্তার পর নতুন এক পোস্টে তিনি জানান, বকেয়া অর্থ বা ফান্ড পেলেও নতুন করে বেশ কিছু ব্যাংকিং জটিলতা ও অপ্রত্যাশিত সমস্যার মুখে পড়েছেন তিনি, যে বিষয়গুলো সম্পর্কে তাকে আগে কিছুই জানানো হয়নি।

এমন খবর ছড়িয়ে পড়লে বাফুফে থেকে জানানো হয়, কোচের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ তারিখের মধ্যেই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

তবে কোচের সঙ্গে বাফুফের ব্যক্তিগত আর্থিক লেনদেন সংক্রান্ত গোপন তথ্য যেভাবে ছড়িয়ে দেয়া ও বিনিময় করা হয়েছে, তা নিয়ে মারাত্মক উদ্বেগ প্রকাশ করেছেন অনূর্ধ্ব-২০ দলের এই কোচ।

আরও পড়ুন:

কোচ বলেন, ‘স্ত্রী ও তিন সন্তানকে ছেড়ে দূরে থাকা এমনিতেই কঠিন। গতকাল ও আজ ঢাকায় এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যা আমাকে চরম অস্বস্তিকর ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে দিয়েছে। মানুষজন গাড়ির কাছে চলে এসে ধাক্কাধাক্কি করছে, ঘিরে ধরে টাকা চাইছে। ব্যক্তিগতভাবেও বারবার অর্থের জন্য এসে আমাকে চাপ দেয়া হচ্ছে।’

এখানেই শেষ নয়; লিখিত বার্তার মাধ্যমে তার ওপর বিভিন্ন দোষ চাপানো হচ্ছে বলেও অভিযোগ করেন এই কোচ, যা তাকে মানসিকভাবে আরও বেশি ঝুঁকিতে ফেলছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, ঢাকার বর্তমান জীবনযাত্রার পরিবেশ, পদে পদে না বলা সারপ্রাইজ ও অনিশ্চয়তার কারণে পুরো পরিস্থিতি তার জন্য এখন সহ্যের বাইরে চলে গেছে।

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, একাকী, বিচ্ছিন্ন ও ভীত-সন্ত্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি। সহানুভূতি কিংবা কারও সহযোগিতা না পাওয়ায় তিনি নিজেকে চরম নিরাপত্তাহীন ও একা অনুভব করছেন।

কোনো প্রকার ভয় বা উদ্বেগ ছাড়া কেবল নিজের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতে চান বিদেশি এই কোচ। সার্বিক পরিস্থিতি দ্রুত সমাধান করে কাজের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে বাফুফে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের আশায় আছেন তিনি।

এসএইচ