বাফুফেতে নতুন হাওয়া: সাফে প্রবাসী ৫ ফুটবলার নিয়ে নামছে বাংলাদেশ

বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম | ছবি: এখন টিভি
0

একঝাঁক প্রবাসী ফুটবলার নিয়ে শক্তিশালী এক দল গঠন করেই ঘরের মাঠে সাফ খেলতে নামছে বাংলাদেশ। ফারহান আলি ওয়াহিদ, ইউসুফ আহমেদের বাংলাদেশের জার্সিতে খেলা এখন সময়ের ব্যাপার বলেই এখন টিভিকে নিশ্চিত করেছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। তবে, হামজা-শমিতদের ক্ষেত্রে অপেক্ষা করতে হচ্ছে চূড়ান্ত সূচি পাওয়া পর্যন্ত।

মাঝ মাঠে হামজা চৌধুরী এবং শমিত সোমের জুটি। তাদের সঙ্গে আছেন জামাল ভূঁইয়া। ডান প্রান্তে অপেক্ষায় আছেন রাকিব হোসেন। লেফট উইং ধরে ডি-বক্সে জায়গা করে নিতে প্রস্তুত ফারহান আলী ওয়াহিদ। বাংলাদেশ ফুটবলের ভক্তরা গেল কয়েকবছর ধরে এমন একটা দলের স্বপ্নই দেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বংশোদ্ভূত ফুটবলার এবং দেশি তারকাদের নিয়ে এমন স্কোয়াড সাজিয়েছেন অনেকেই।

৮ বছর পর ঘরের মাঠের সাফে সেই স্বপ্নটা সত্যি করার পথে বাংলাদেশ। আঞ্চলিক এই টুর্নামেন্টে দল গড়তে বেশ জোরেশোরে মাঠে নেমেছে বাফুফে। সহ-সভাপতি ফাহাদ করিম জানালেন, অন্তত ৫ জন প্রবাসী ফুটবলার নামছেন দেশের জার্সিতে। কারা আসছেন, সেই আভাসও দিয়ে রেখেছেন ফাহাদ করিম।

বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘সাফে আমরা ৫ জন অরিজিন প্লেয়ারকে নিয়ে কাজ করছি। তার মধ্যে ৩ জনের নাম তো আপনারা জানেন অলরেডি—একজন ফারহান আলী ওয়াহিদ, একজন জায়েন হাকিম এবং একজন ইউসুফ আহমেদ। এর বাইরে আরও ২ জন প্লেয়ারকে নিয়ে আমরা কাজ করছি। সো এই ৫ জনকেই ডেফিনেটলি কল আপ করা হবে। অ্যাপার্ট ফ্রম হামজা, সমিত, জায়েন, ফাহমিদ অল।’

সম্প্রতি দ্য গার্ডিয়ানের প্রিমিয়ার লিগের আলোচিত ২০ তরুণের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ফারহান আলী ওয়াহিদ। লম্বা সময় ধরেই প্রিমিয়ার লিগ-টুর বর্ষসেরা এই ফুটবলারকে পেতে চেষ্টা ছিল বাফুফের। চলতি সপ্তাহের শেষেই আসছে ফারহানকে নিয়ে সুখবর

ফাহাদ করিম বলেন, ‘তো এই থার্সডে ওনারা ইউকে হাই কমিশন—আমাদের বাংলাদেশ হাই কমিশন ইন ইউকে, লন্ডনে যে অফিস, সে অফিসে যাবে মোস্ট লাইকলি, মোস্ট লাইকলি দে উইল গো টু দ্যাট অফিস। অথবা তাদের প্রেফারড অফিস, তো সেখানে গিয়ে তারা বায়োমেট্রিক্স দিয়ে দেবে ইনশাল্লাহ। সো, থার্সডে যদি বায়োমেট্রিক্স দিয়ে দেয়, দেন ইটস এ ম্যাটার অব ২ টু ৩ উইকস। সো, ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর উইন্ডোতে আমরা তাকে পাবো, সাফেও তাকে পাবো।’

তবে, দলবদল আর ফিক্সচার নিশ্চিত না থাকায় হামজা চৌধুরীকে নিয়ে এখনো শঙ্কায় বাংলাদেশ। ৯ নভেম্বর থেকে তাকে ছাড় দিতে বাধ্য ক্লাব। তবে, এর আগে হামজাকে পেতে বাফুফের প্রচেষ্টা থাকবে বলেও জানালেন বাফুফের সহ-সভাপতি।

ইএ