হাইকোর্টে ‘প্রতারণার আশ্রয়ে’ জামিন নেয়ার চেষ্টা, আইনজীবীকে জরিমানা

হাইকোর্ট
হাইকোর্ট | ছবি: সংগৃহীত
0

হাইকোর্টে মামলা তালিকাভুক্ত করে প্রতারণার আশ্রয়ে জামিন নেয়ার চেষ্টা করা হয়েছে— এমন অভিযোগে এক আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ।

আজ (রোববার, ৯ আগস্ট) বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে ১৫ নম্বর সিরিয়ালে (টেন্ডার নং–৫০৮১১) আসামি সাকিব হাসান লিটনের জামিনের আবেদন শুনানির জন্য তালিকাভুক্ত ছিলো।

শুনানির সময় আদালতের দায়িত্বে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বান্না আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান যে, এর আগে হাইকোর্টের ভিন্ন একটি বেঞ্চে এ মামলার শুনানি হয়েছে। কিন্তু পূর্ববর্তী শুনানির বিষয়টি গোপন করে মামলাটি পুনরায় তালিকাভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন:

বিষয়টি আদালতের নজরে আসার পর সংশ্লিষ্ট আইনজীবী মোহাম্মদ আজিজুর রহমানকে আদালত এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন। কিন্তু তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় আদালত মামলাটি সরাসরি খারিজ করে দেন এবং আদালতের সঙ্গে প্রতারণার আশ্রয় নেয়ার অভিযোগে সংশ্লিষ্ট আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে অ‍্যাটর্নি-জেনারেল ব‍্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আদালতের প্রতি পূর্ণাঙ্গ ও নির্ভুল তথ্য উপস্থাপন করা একজন আইনজীবীর মৌলিক পেশাগত দায়িত্ব। একই বিষয়ে একাধিক বেঞ্চে শুনানির সুযোগ তৈরি করা কিংবা পূর্ববর্তী কার্যক্রম গোপন করে আদালতের আদেশ প্রভাবিত করার চেষ্টা শুধু পেশাগত নৈতিকতার পরিপন্থি নয়—এটি বিচারপ্রক্রিয়ার প্রতি আস্থাকেও প্রশ্নবিদ্ধ করে।’

এসএইচ