আজ (রোববার, ৯ আগস্ট) সকালে বিএনপির পক্ষ থেকে ইসি থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এর কয়েক ঘণ্টা পর বিকেলে কয়েকটি গণমাধ্যমে দলীয় সূত্রের বরাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়ার খবর প্রকাশিত হয়।
অন্যদিকে, একটি গণমাধ্যমে দলীয় সূত্রের বরাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী করার কথা বলা হয়েছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তবে দলটির পক্ষ থেকে এখনো কোনো নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, ‘রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।’
আরও পড়ুন:
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে আলোচনায় আসার বিষয়ে জানতে চাইলে সন্ধ্যায় সেলিমা রহমান বলেন, ‘রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু আমরা জানি না। তবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম যে আলোচনা হচ্ছে, উনার নাম আসতেই পারে।’
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে অবহিত করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। দলের পক্ষ থেকেও তাকে এ বিষয়ে কিছু জানানো হয়নি বলে জানান তিনি।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত দলীয় প্রধান নেবেন। এ বিষয়ে এখনো তাদের কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।’ সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকের নামই আলোচনায় রয়েছে বলেও জানান তিনি।
এর আগে, সকালে নির্বাচন কমিশন থেকে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। দুটি ফরম সংগ্রহের পর থেকেই দলটির সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়।





