সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দমন অভিযান চালানো, রাষ্ট্রীয় আকার ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা এবং তেল ও গ্যাস খাতে গতি ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে গত জুনের নির্বাচনে জয়ী হন ৪৮ বছর বয়সী দে লা এস্প্রিয়েলা। শুক্রবার কালি শহরের পিচিনচা ব্যাটালিয়ন সামরিক ঘাঁটিতে শপথ নেয়ার পর তিনি বলেন, ‘আমি এসেছি জাতীয় হতাশার এক দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটাতে। জনগণকে সঙ্গে নিয়ে আমাদের ভাগ্যের সবচেয়ে গভীর রূপান্তরের যাত্রা শুরু করতে।’
নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া দে লা এস্প্রিয়েলা বলেন, ‘কলম্বিয়ার জনগণের কাছে আমার দৃঢ় বার্তা—শৃঙ্খলা, কর্তৃত্ব ও স্বাধীনতা ফিরিয়ে আনার সময় এসেছে।’ ঘাঁটিতে সমবেত সেনাদের উদ্দেশে ৭৫ মিনিটের ভাষণে নতুন প্রেসিডেন্ট বলেন, ‘অপরাধী চক্র ও মাদক-সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের সামনে দুটি পথ খোলা—হয় আইনের কাছে আত্মসমর্পণ করো, নয়তো কলম্বিয়া রাষ্ট্র ও তার নিরাপত্তা বাহিনীর কঠোর জবাবের মুখোমুখি হও।’ সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনার সুযোগ ‘পুরোপুরি শেষ হয়ে গেছে’ বলেও মন্তব্য করেন তিনি।
মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার এক বিবৃতিতে বলে, ‘এই নতুন অংশীদারত্বের ভিত্তি হিসেবে যুক্তরাষ্ট্র কংগ্রেসের সঙ্গে মিলে প্রেসিডেন্ট দে লা এস্প্রিয়েলার প্রশাসনকে আমাদের অভিন্ন লক্ষ্য অর্জনে সহায়তা করতে ১০০ কোটি ডলারের একটি নিরাপত্তা প্যাকেজ ঘোষণা করতে চায়।’ ল্যাটিন আমেরিকাজুড়ে ডানপন্থি রাজনৈতিক পরিবর্তনের হাওয়ার অংশ হিসেবেই তার এই জয়কে দেখা হচ্ছে। পেরু, আর্জেন্টিনা, চিলি, ইকুয়েডর, বলিভিয়া ও পানামায় দুর্বল অর্থনীতি ও ক্রমবর্ধমান অপরাধ ভোটারদের অগ্রাধিকার বদলে দিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে এত দিন কোণঠাসা থাকা কট্টর ডানপন্থি প্রার্থীরা কঠোর দমনের প্রতিশ্রুতি দিয়ে জনসমর্থন কুড়াচ্ছেন।
বিশ্লেষকদের মতে, দে লা এস্প্রিয়েলা কিছু নীতি নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারলেও তার অনেক প্রস্তাব বিভক্ত কংগ্রেসের সমর্থন ছাড়া বাস্তবায়ন সম্ভব নয়; এমনকি সেগুলোর অনেক কিছুই আপস-আলোচনায় দুর্বল হয়ে যেতে পারে। কোকা—যে গাছ থেকে কোকেন তৈরি হয়—এমন সব ‘অবৈধ ফসল স্থায়ীভাবে নির্মূল’ করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্রেসিডেন্ট। তিনি জানান, মানবস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করে না, এমন আকাশপথে ছিটানো আগাছানাশক ব্যবহার করে কোকা ধ্বংস করা হবে। ক্ষমতা গ্রহণের প্রথম কাজের অংশ হিসেবে ট্রাম্পের প্রতিষ্ঠিত ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ কর্মসূচিতে কলম্বিয়া যোগ দেবে বলেও ঘোষণা দেন তিনি।
শপথ গ্রহণের আগে তিনি স্পেনের রাজা এবং আর্জেন্টিনা, ইকুয়েডর, চিলি, প্যারাগুয়ে ও পানামার প্রেসিডেন্টদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বিতর্কিত ফুটবলের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রধান জিয়ান্নি ইনফান্তিনোও শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র থেকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অনুষ্ঠানে যোগ দেয়।
দে লা এস্প্রিয়েলা সশস্ত্র গোষ্ঠীগুলোর বিস্তারের জন্য সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে দায়ী করেছেন। পেত্রো এখনো নতুন প্রেসিডেন্টের জয়কে স্বীকৃতি দেননি। রানঅফ নির্বাচনে দে লা এস্প্রিয়েলা পেত্রোর মিত্র বামপন্থি সিনেটর ইভান সেপেদাকে সামান্য ব্যবধানে পরাজিত করেন। সেপেদা শুক্রবার সকালে বারানকিয়া শহরে একটি প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন। বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, দেশের বিরোধী পক্ষ গণতন্ত্র রক্ষায় কাজ করবে এবং শান্তিপূর্ণ আইন অমান্য কর্মসূচির আহ্বান জানান।





