যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমায় বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড |
0

যুক্তরাষ্ট্রে জুলাই মাসে বেসরকারি খাতে (নন-ফার্ম) কর্মসংস্থানের অপ্রত্যাশিতভাবে পতনের ফলে সুদহার বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে গেছে। গতকাল (শুক্রবার, ৭ আগস্ট) এই দাম গত সাত সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে বিদায়ী সপ্তাহটি স্বর্ণের বাজারের জন্য গত সাত মাসের মধ্যে সেরা সপ্তাহে পরিণত হয়েছে বলে মনে বাজার বিশ্লেষকরা। রয়টার্সের প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ৪২ মিনিটের দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩৩৬ দশমিক ০২ ডলারে দাঁড়ায়। একপর্যায়ে এই দাম ৩ শতাংশের বেশি বেড়ে ১৭ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। চলতি সপ্তাহে দাম বেড়েছে ৭ শতাংশের বেশি, যা গত ১৯ জানুয়ারির পর সবচেয়ে বড় সাপ্তাহিক প্রবৃদ্ধি। যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্স মার্কেটেও দাম বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ; দাঁড়িয়েছে ৪ হাজার ৩৯৯ দশমিক ৭০ ডলারে।

মার্কিন শ্রম দপ্তরের ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকসের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে দেশটিতে নন-ফার্ম কর্মসংস্থান কমেছে ২৩ হাজার। জুন মাসে এ সংখ্যা ২০ হাজার বাড়লেও পরে তা কমিয়ে সংশোধন করা হয়। রয়টার্সের জরিপে অংশ নেয়া অর্থনীতিবিদরা অবশ্য ৮০ হাজার কর্মসংস্থান বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন।

হাই রিজ ফিউচার্সের ধাতু ব্যবসা বিভাগের পরিচালক ডেভিড মেগার বলেন, ‘কর্মসংস্থানের প্রত্যাশার চেয়ে দুর্বল এই তথ্য এমন একটি পরিস্থিতি তৈরি করেছে, যেখানে ফেডারেল রিজার্ভ (ফেড) পরবর্তী বৈঠকে সুদহার বাড়ানোর সম্ভাবনা অনেকটাই কম।’ তার মতে, জ্বালানির দাম কমা এবং সুদহার বাড়ার সম্ভাবনা কমে আসার অর্থ হল ডলারের মান দুর্বল হবে ও স্বর্ণের দাম আরও বাড়বে।

এলএসইজির তথ্য বলছে, কর্মসংস্থানের প্রতিবেদন প্রকাশের আগে সেপ্টেম্বরে ফেডের সুদহার বাড়ানোর সম্ভাবনা ছিল ৫৭ শতাংশ, যা এখন কমে ৪৩ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে সুদহার অপরিবর্তিত রাখার সম্ভাবনা ৪৩ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ৫৬ দশমিক ১ শতাংশে পৌঁছেছে।

সুইস ব্যাংকিং প্রতিষ্ঠান ইউবিএস এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৭ সালের প্রথমার্ধে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলারে পৌঁছাতে পারে। ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শিগগির শেষ হবে বলে তিনি বিশ্বাস করেন।

অন্যান্য ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম ৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৬৩ দশমিক ২৯ ডলার, প্ল্যাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৪৭ দশমিক ৬০ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৩৮১ দশমিক ৬১ ডলারে দাঁড়িয়েছে। এই তিনটি ধাতুর দামই সপ্তাহজুড়ে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে।

এএম