নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, শনিবার দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে কুতুবাইলস্থ প্যারাডাইস কেবলস লিমিটেডের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা গোডাউন থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানায়।
সংবাদ পেয়ে ফতুল্লা থানার উপ-পরিদর্শ মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে গোডাউনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনগত প্রক্রিয়া শুরু করে।
নিহতের পরিচয় শনাক্ত করতে পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)-এর ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে কাজ করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন:
তবে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ। তবে পুলিশ ধারণা করছে, ১০ থেকে ১৫ দিন আগে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড কি না, তা আমলে নিয়ে কাজ চলছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তর পরই নিশ্চিত হওয়া যাবে।
আরও জানানো হয়, নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনার রহস্য উদঘাটন ও নিহতের পরিচয় শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে পুলিশ মরদেহ উদ্ধার করতে গেলে বন্ধ কারখানাটিতে চোর সন্দেহে পারভেজ (২৫) ও পিয়াস (৩০) নামে দু’জনকে আটক করা হয়েছে। আটক পারভেজের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানার চিনারকান্দী এলাকায় এবং পিয়াসের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ থানার খরমা নতুনবাজার এলাকায় বলে জানিয়েছে পুলিশ।




