ফেনীতে ট্রাক্টরে ধাক্কা দিয়ে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

নিহত নুর নবী রিপন
নিহত নুর নবী রিপন | ছবি: এখন টিভি
0

ফেনীর সোনাগাজীতে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নুর নবী রিপন (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নুর আলম (২৫) নামের আরও এক যুবক আহত হয়েছেন।

গতকাল​(বৃহস্পতিবার, ৬ আগস্ট) রাতে সোনাগাজী-মুহুরী প্রজেক্ট সড়কের আবদুল হক মুহুরী বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার, ৭ আগস্ট) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রিপনের মৃত্যু হয়।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানান, ঘটনার সময় সড়কের ওপর একটি ট্রাক্টর থামিয়ে তেল নিচ্ছিলেন চালক। রাতে রিপন ও তার বন্ধু নুর আলম মোটরসাইকেলে করে সোনাগাজী সদরের দিকে যাচ্ছিলেন। পর্যাপ্ত আলো না থাকায় অন্ধকার সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরটিকে দেখতে পারেননি মোটরসাইকেলের চালক। এতে দ্রুত গতির মোটরসাইকেলটি সজোরে ট্রাক্টরের পেছনে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

আরও পড়ুন:

পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রিপনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। আহত নুর আলমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম। তিনি জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসএইচ