আজ (শুক্রবার, ৭ আগস্ট) বাগেরহাট সার্কিট হাউজে সাংবাদিকদের সম্মানে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির আওয়ামী লীগের রাজনীতির প্রসঙ্গ টেনে বলেন, ‘আমরা মনে করি না, এখনই তারা রাজনীতিতে আসুক। কারণ এই দেশের রাজনীতি তারাই হত্যা করেছে তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। অসংখ্য মায়ের বুক খালি করেছিলো, অসংখ্য মানুষ গুম হয়েছিলো, গুম হওয়া সবাই ফিরে আসেনি এখনও।’
এ অবস্থায় এখনই তাদের আবারও দেশের মাটিতে রাজনীতিতে সুযোগ দেয়া উচিত কি না—এমন প্রশ্নও রাখেন তিনি। তিনি বলেন, ‘এ পর্যন্ত আওয়ামী লীগ এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেনি, সামান্য কোনো অনুশোচনা নেই তাদের।’
তিনি সরকারের দায়িত্বশীল ভূমিকার বিষয়ে আলোকপাত করে বলেন, ‘দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। এই জায়গাটা সরকার যত সামাল দেবে, বাংলাদেশ ততোই সুন্দরভাবে পরিচালিত হবে। আমরা সংসদের ভেতরে অবশ্যই সহযোগিতা করছি, যেখানে সহযোগিতা করা দরকার। আর যেখানে বিরোধিতা করা দরকার, সেখানে বিরোধিতা করছি।’
আরও পড়ুন:
জুলাই সনদ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘এখনও আমরা দুই মেরুতে আছি। দেশের ৭০ ভাগ মানুষের রায়কে অবশ্যই সম্মান করতে হবে। কোনো অবস্থাতেই অপমান করতে দেয়া হবে না।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদে বিরোধীদলের ভূমিকার বিষয়ে তিনি বলেন, ‘একসময় সংসদে মারামারি হয়েছে, ফাইল ছুড়ে মারা হয়েছে, একে অন্যের দিকে তেড়ে গেছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে— আমরা সেই পার্লামেন্ট চাই না। আমরা একটা সভ্য জগতের পার্লামেন্ট দেখতে চাই। এজন্য প্রথম দিন থেকে বিরোধীদল হিসেবে আমাদের ভূমিকা ছিলো গঠনমূলক। এটা আমরা অব্যাহত রাখবো। কোনো উস্কানিতেই এ জায়গা থেকে আমরা সরে আসবো না।’
বাগেরহাট জেলা জামাতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীমসহ বাগেরহাট জেলা জামাতের বিভিন্ন পর্যায়ের নেতারা।




