ফেনী সীমান্তে ৯০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

বিজিবি হেফাজতে জব্দকৃত ভারতীয় পণ্য ও মাদক
বিজিবি হেফাজতে জব্দকৃত ভারতীয় পণ্য ও মাদক | ছবি: এখন টিভি
0

ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) বিকেলে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় গাঁজা, চশমা, শাড়ি, থ্রি-পিস, ওষুধ, কসমেটিক্স, চকলেট ও বিস্কুট জব্দ করতে সক্ষম হয়। জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় থানা ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় ধরে রাখা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।’

তিনি বলেন, ‘সীমান্ত এলাকায় আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সবসময় দৃঢ় প্রতিজ্ঞ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখবে।’

এসএইচ