শ্যামনগরে পানিতে ডুবে কৃষক ও বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

মরদেহের প্রতীকী
মরদেহের প্রতীকী | ছবি: এখন টিভি
0

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক কৃষক পানিতে ডুবে এবং এক গৃহবধূ বজ্রপাতে নিহত হয়েছেন।

আজ (সোমবার, ৩ আগস্ট) উপজেলার ইশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট এলাকার দু’টি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ধুমঘাট শীলতলা গ্রামের কৃষ্ণপদ বৈদ্য (৫০) চাষাবাদের কাজে মাঠে যাওয়ার পথে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে নিখোঁজ হন।

দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি মৃত নারায়ণ বৈদ্যের ছেলে।

অপরদিকে বিকেলে ধুমঘাট মটেরচক গ্রামে বাড়ির পাশের জমিতে কাজ করার সময় বজ্রপাতে খায়রুন্নেছা (৪০) নামে এক গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান। তিনি আব্দুল আজিজ গাজীর স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী বলেন, ‘পৃথক দুইটি মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এসএস