‘পেলের পর সান্তোসে হোম ভেন্যুতে এবার নেইমার ভাস্কর্য’

ভাস্কর্য ও নেইমার জুনিয়র
ভাস্কর্য ও নেইমার জুনিয়র | ছবি: সংগৃহীত
0

ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই যিনি ব্রাজিলিয়ান ফুটবলের নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন, সেই ‘প্রিন্স অব দ্য ভিলা’ নেইমার জুনিয়র পেলেন বিরল এক সম্মান। ফুটবল কিংবদন্তি পেলের পর প্রথম খেলোয়াড় হিসেবে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হোম ভেন্যুতে স্থান পেয়েছে তার একটি ভাস্কর্য ও ব্রোঞ্জের আবক্ষ মূর্তি।

ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব সান্তোসের ড্রেসিং রুম থেকে বিশ্ব ফুটবলের রাজপথে পা রাখা নেইমার জুনিয়রের ক্লাব ক্যারিয়ারে যুক্ত হলো নতুন সম্মাননা। ভিলা বেলমিরো স্টেডিয়ামের বিখ্যাত মিউজিয়াম ‘মেমোরিয়াল দেস কনকুইস্তাস’ এ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নেইমারকে উৎসর্গ করা বিশেষ ট্রিবিউট এরিয়া। যেখানে উন্মোচন করা হয়েছে তার ভাস্কর্য ও ব্রোঞ্জের আবক্ষ মূর্তি। সান্তোসের ইতিহাসে পেলের পর একমাত্র নেইমারই এ বিরল সম্মান পেলেন।

সান্তোসের জার্সিতে ২২৫ ম্যাচে ১৩৬ গোল করে তিনটি পলিস্তা চ্যাম্পিয়নশিপ এবং ঐতিহাসিক কোপা লিবার্তাদোরেস জিতেছিলেন নেইমার। ক্লাবের ইতিহাসে তার এ অবদানকে চিরস্মরণীয় করে রাখতেই এ উদ্যোগ বলে জানান ক্লাবের সভাপতি।

আরও পড়ুন

সান্তোস ক্লাবের সভাপতি মার্সেলো তেইশেইরা বলেন, ‘নেইমার সান্তোসের ইতিহাসের অন্যতম সেরা রত্ন। পেলের পাশাপাশি এ মেমোরিয়ালে তার জন্য পৃথক এলাকা তৈরি করা এবং এই ভাস্কর্য স্থাপন করা আমাদের ক্লাবের ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে উদযাপনেরই একটি অংশ।’

নিজের ভালোবাসার ক্লাবে ফুটবল সম্রাট পেলের পাশাপাশি এভাবে অমর হয়ে থাকতে পেরে আবেগে ভেসেছেন নেইমার জুনিয়র নিজেও। সান্তোসের প্রতি নিজের গভীর ভালোবাসা ফুটিয়ে তুলে এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন।

নেইমার জুনিয়র বলেন, ‘আমার ক্যারিয়ারের এত গুরুত্বপূর্ণ একটি স্থানে এমন একটি সম্মান পাওয়া অত্যন্ত গর্বের বিষয়। ভিলা বেলমিরো স্টেডিয়ামের মেমোরিয়াল দেস কনকুইস্তাসে নিজের এ ভাস্কর্য দেখতে পাওয়াটা স্বপ্নের মতো।’

হয়তো পেশাদার ফুটবলের হিসাব-নিকাশে ক্লাবের আঙিনা বদলায়, তবে ভিলা বেলমিরোর মেমোরিয়ালে খোদাই করা ‘প্রিন্স অব দ্য ভিলা’র এ আবক্ষ মূর্তি সান্তোসের ইতিহাসে নেইমারের নামকে অমলিন করে রাখবে অনন্তকাল।

জেআর