৪ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন মালয়েশিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এমডিটি ইনোভেশনস’র চিফ অপারেটিং অফিসার সিম হোন ওয়াই। পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের আমন্ত্রণে তারা পঞ্চগড়ে আসেন।
প্রতিমন্ত্রী তাদের সঙ্গে নিয়ে শিল্পায়নের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ম্যাপের মাধ্যমে শিল্প স্থানের উপযুক্ত জমি, জমির পরিমাণ, যোগাযোগ ব্যবস্থা, স্থানীয় মানবসম্পদসহ বিস্তারিত তুলে ধরেন। শনিবার দুপুরে পঞ্চগড় সার্কিট হাউজ মিলনায়তনে তারা জেলা চেম্বারের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, আমদানিকারক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক শুকরিয়া পারভীনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘এমডিটি ইনোভেশনস’র চিফ অপারেটিং অফিসার সিম হোন ওয়াই বলেন, ‘এটি আমার বাংলাদেশে প্রথম বার আসা। এই এলাকায় উন্নতির অনেক সুযোগ রয়েছে। বিশেষ বিশাল সমতল ভূমির কথা চিন্তা করে। আমরা এখানে কৃষিভিত্তিক, তথ্য প্রযুক্তি বিষয়ক শিল্পায়নের পাশাপাশি সোলার বিদ্যুৎ প্রকল্পের কথা ভাবছি। এখন যে কোনো উন্নয়নে গ্রিন এনার্জি বড় ভূমিকা রাখছে। এখানে শিল্পায়নের সম্ভাব্যতা যাচাই করার জন্য পরিদর্শন করছি এবং তথ্য সংগ্রহ করছি। ঢাকার মতো এখানে যানজট নেই। এটি একটি ইতিবাচক দিক। আমার বিশ্বাস এ অঞ্চলের মানুষের জন্য আমরা কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবো।’
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘পঞ্চগড়ের দেবীগঞ্জের অর্থনৈতিক অঞ্চলটি চালু করাসহ অঞ্চলভিত্তিক সমতা আনার জন্য বর্তমান সরকার কাজ করছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর পরিদর্শন করেছে। এছাড়া আমরা দেশি বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করছি। তারা সম্ভাব্য শিল্পায়নের এলাকাগুলো পরিদর্শন করে ইতিবাচক সাড়া দিচ্ছেন। আমরা কৃষিভিত্তিক শিল্পায়নে জোর দিচ্ছি। আশা করছি শিগগিরই পঞ্চগড়ের মানুষের জন্য বিরাট কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’





