নেপালে বন্যায় ধ্বংসস্তূপের নিচে কেটেছে ১০ দিন, বৃদ্ধাকে জীবিত উদ্ধার

নেপালে বন্যাকবলিত বাড়ি থেকে উদ্ধার এক নারী
নেপালে বন্যাকবলিত বাড়ি থেকে উদ্ধার এক নারী | ছবি: সংগৃহীত
0

নেপালে ভয়াবহ বন্যায় কাদা ও ধ্বংসস্তূপের নিচে টানা ১০ দিন আটকে থাকার পর ৬৪ বছর বয়সী এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) দেশটির নুওয়াকোট জেলায় নিজের ধসে পড়া কাদাটে বাড়ির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। বার্তা সংস্থা এএফপি বরাত দিয়ে মালয়মেইলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উদ্ধার হওয়া ওই বৃদ্ধার নাম চন্দ্রিকা শ্রেষ্ঠ। নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর ডেপুটি সুপারিনটেনডেন্ট ইকবাল হাওয়ারি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এলাকা পরিষ্কার করার সময় পুলিশের একটি দল তাকে উদ্ধার করে। পরে বিমানে করে চিকিৎসার জন্য তাকে কাঠমান্ডুতে পাঠানো হয়েছে।’

এর আগে দেশটির রাসুওয়া জেলায় আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়। গত ২৬ আগস্ট চীন-নেপাল সীমান্তে হিমবাহ ধসের পর কাদা ও পানির প্রবল স্রোতে নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১,৩৪৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রায় পাঁচ হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। অন্যদিকে চীনে ৩১ জন নিহত ও ৫৩১ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় মাধ্যম জানিয়েছে। দুই দেশ মিলিয়ে এই দুর্যোগে প্রাণহানি ১,৩৭৫ জন ছাড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ।

এএম