ঠাকুরগাঁওয়ে র‌্যাবের অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

জব্দকৃত ফেনসিডিল
জব্দকৃত ফেনসিডিল | ছবি: সংগৃহীত
1

ঠাকুরগাঁওয়ে ৩৫৩ বোতল ফেনসিডিলসহ কোরবান আলী (৪১) ও তার স্ত্রী জেসমিন খাতুনকে (২৭) গ্রেপ্তার করেছেন র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩।

আজ (মঙ্গলবার, ২১ জুলাই) রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্বপারপুগী গ্রামে ওই দম্পতির বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঠাকুরগাঁও উপজেলার জালামপুর ইউনিয়নের পূর্বপারপুগী গ্রামের মৃত আবুল খায়ের ছেলে কোরবান আলী (৪১) এবং তার স্ত্রী জেসমিন খাতুন (২৭)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই লক্ষে মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ পূর্বপারপুগী গ্রামে কোরবান আলীর বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বাড়ি তল্লাশি করে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বাসা থেকে ৩৫৩ বোতল ফেনসিডিল সহ দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরো জানায় প্রাথমিকভাবে জানা যায় গ্রেপ্তারকৃত দম্পতি পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ নিজ বাড়িতে মাদকদ্রব্য মজুদ রেখে ঠাকুরগাঁওসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ ও ক্রয় বিক্রয় করে আসছেন।

আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিদের জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ