টাঙ্গাইলে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু, আহত ৪

কুমুদিনী হাসপাতাল
কুমুদিনী হাসপাতাল | ছবি : এখন টিভি
0

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। গতকাল (বৃহস্পতিবার, ১৬ জুলাই) রাতে ফতেপুর থলপাড়া এলাকায় বংশাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন; শেরপুরের হাসমতের ছেলে জিকুল (১৮) এবং রংপুরের সাজ্জাদ (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের ভাওয়াল এলাকা থেকে প্রায় ৪০ জন যুবক নৌকাযোগে মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ী ভ্রমণে আসেন। সেখান থেকে ফেরার পথে থলপাড়া এলাকায় নদীর ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে নৌকায় থাকা ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন।

আরও পড়ুন:

তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিকুল ও সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।’

এফএস