আজ (সোমবার, ১৩ জুলাই) রাত ৯টার দিকে লাইন স্বাভাবিক হয়। এর আগে বিকেল ৫টার দিকে একতা এক্সপ্রেস ট্রেন পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়।
ঈশ্বরদী বাইপাস স্টেশন মাষ্টার আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘একতা এক্সপ্রেস উদ্ধার করা হয়েছে, তবে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই লাইনে ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে। মেরামতের কাজ চলমান রয়েছে। তবে বিকল্প হিসেবে ঈশ্বরদী স্টেশন হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে।’
আরও পড়ুন:
এদিকে এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন জানান, একতা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হলে ৬ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত হওয়ার একটু পরেই পাওয়ার কার এবং একটি বগি রেখে ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে গেছে। এছাড়াও ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি আগেই বিকল্প স্টেশন দিয়ে পার করে দেয়া হয়েছে। যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য তিনি দুঃখপ্রকাশ করেন।





