ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, অনুমোদিত নৌপথ ব্যবহারের নির্দেশনা বারবার অমান্য করায় জাহাজটিতে হামলা চালিয়ে সেটি থামিয়ে দেয় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সাইপ্রাসে নিবন্ধিত ওই জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন লেগে সেটি অকেজো হয়ে পড়েছিল।
ব্রিটিশ সামুদ্রিক সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমানের প্রায় ১৭ কিলোমিটার পূর্বে এই ঘটনা ঘটে। জাহাজটি অকেজো হয়ে পড়লে নাবিকেরা সেটি ছেড়ে লাইফবোটে আশ্রয় নেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটিতে মোট ১১ জন ভারতীয় নাগরিক ছিলেন। তাদের মধ্যে ১০ জনকে এ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হলেও একজন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। মাসকাটে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর নজর রাখছে।





