পৌরসভার বর্জ্য জমছে মহাসড়কের পাশে; ডাম্পিং স্টেশন কি কেবল নামেই?

মাদারগঞ্জের ডাম্পিং স্টেশন; রাস্তার পাশেই ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য
মাদারগঞ্জের ডাম্পিং স্টেশন; রাস্তার পাশেই ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য | ছবি: এখন টিভি
0

প্রায় ৮১ লাখ টাকা ব্যয়ে নির্মিত ডাম্পিং স্টেশন থাকলেও জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে মহাসড়কের পাশেই। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে বাড়ছে রোগবালাইয়ের ঝুঁকি। দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও প্রতিকার না পাওয়ার কথা বলছেন স্থানীয়রা।

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। বর্তমানে প্রায় ৪০ হাজার মানুষের এই পৌরসভায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ২০২১-২২ অর্থবছরে চর শুভগাছা এলাকায় ৮০ লাখ ৬৫ হাজার ২৪৭ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় একটি ডাম্পিং স্টেশন।

নির্মাণের কয়েক বছর পেরিয়ে গেলেও চালু হয়নি এই স্থাপনাটি। অযত্ন-অবহেলায় পড়ে থাকায় বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। চুরি হয়ে গেছে পাইপসহ নানা যন্ত্রাংশ। সন্ধ্যার পর এটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়, আর দিনের বেলায় স্থানীয়রা সেখানে ধান ও ভুট্টা শুকানোর কাজ করেন। দ্রুত ডাম্পিং স্টেশনটি চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, প্রায় কোটি টাকা ব্যয়ে ডাম্পিং স্টেশন তৈরি হলেও সেই ডাম্পিং স্টেশনের জায়গাটি পৌরবাসীর জন্য সুবিধাজনক স্থানে নয়। এতে রাস্তার পাশে জমে থাকা ময়লার দুর্গন্ধে তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হন বলেও জানান।

এদিকে ডাম্পিং স্টেশন অচল থাকায় পৌরসভার প্রতিদিনের বর্জ্য ফেলা হচ্ছে মহাসড়কের পাশেই। দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, শিক্ষার্থী ও সড়কের পাশের ব্যবসায়ীরা। উন্মুক্তভাবে বর্জ্য ফেলায় পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে মশার উপদ্রব। স্থানীয়দের অভিযোগ, ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে। দ্রুত কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

আরও পড়ুন:

স্থানীয়রা অভিযোগ করেন, ময়লা জমে থাকার কারণে দুর্গন্ধ বাড়ছে। মশার উপদ্রব বাড়ছে, ফলে ডেঙ্গুর প্রাদুর্ভাবও বাড়ছে।

পৌর প্রশাসনের দাবি, ডাম্পিং স্টেশনটির হস্তান্তর-সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সম্পূর্ণ না হওয়ায় এটি চালু করা সম্ভব হয়নি। তবে দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে ডাম্পিং স্টেশনটি চালু করা হবে। পাশাপাশি মাদারগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার কথাও জানান পৌর প্রশাসক।

জামালপুর মাদারগঞ্জের পৌর প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ‘আগামী সপ্তাহেই আমরা ডাম্পিং স্টেশনটি সম্পূর্ণরূপে চালু করতে ব্যবস্থা নিচ্ছি। এছাড়া স্থানীয়ভাবে যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয়, সেজন্য আমরা ড্রেন পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। আশা করি, সামনের সপ্তাহ থেকে মাদারগঞ্জের নোংরা বর্জ্যগুলো সহজেই ডাম্পিং স্টেশনে স্থানান্তরের মাধ্যমে মাদারগঞ্জকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে তুলে ধরতে পারবো।’

অচল ডাম্পিং স্টেশন দ্রুত চালু করে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ কমানো এবং নাগরিক সেবা নিশ্চিত করার অপেক্ষায় রয়েছেন মাদারগঞ্জ পৌরসভার বাসিন্দারা।

এসএইচ