বুশেহরে ফের মার্কিন হামলা; পরমাণুকেন্দ্র নিরাপদ, দাবি গভর্নরের

ইরানের খার্গ দ্বীপের স্যাটেলাইট ইমেজ
ইরানের খার্গ দ্বীপের স্যাটেলাইট ইমেজ | ছবি: সংগৃহীত
0

আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) সকালে ইরানের বুশেহর নগরীতে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালিয়েছে বলে জানিয়েছেন প্রদেশটির গভর্নর মোহাম্মদ মোজাফ্ফারি। তবে পরমাণুকেন্দ্রে হামলা চালানোর যে খবর প্রকাশিত হয়েছে, সেটি তিনি অস্বীকার করেছেন। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ-এর বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুশেহর প্রদেশের উপকূলে অবস্থিত খার্গ দ্বীপে মার্কিন হামলার প্রতিবেদনগুলোও সঠিক নয় বলে জানিয়েছেন মোজাফ্ফারি। ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির ৯০ শতাংশ এই খার্গ দ্বীপ থেকেই প্রক্রিয়াজাত হয়। গভর্নর বলেন, ‘এই দুই স্থানে কোনো ঘটনার রেকর্ড নেই।’

এদিকে আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদন অনুযায়ী, ইরানের বুশেহর প্রদেশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই প্রদেশেই ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্র অবস্থিত।

বুশেহর ইরানের একমাত্র কার্যকর পরমাণুকেন্দ্র। ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের সময় এটি বারবার হামলার শিকার হয়েছে, যা সম্ভাব্য পারমাণবিক দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছিল।

এএম