অব্যাহত ভারী বর্ষণে অনির্দিষ্টকালের জন্য সাজেক বন্ধ ঘোষণা

সাজেক ভ্যালি
সাজেক ভ্যালি | ছবি: সংগৃহীত
0

রাঙামাটিতে অব্যাহত ভারী বর্ষণে প্রাণহানি এড়াতে অনির্দিষ্টকালের জন্য দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস এবং জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধস, পাহাড়ধস ও যোগাযোগ ব্যবস্থার অবনতির বিষয়টি বিবেচনায় নিয়ে জনসাধারণ ও পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ সময় সাজেকের সব পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কটেজ, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটকসহ সর্বসাধারণের ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এএইচ