গত শনিবার (৫ জুলাই) রাত আড়াইটায় দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি ও সংশ্লিষ্ট থানা পুলিশের একটি যৌথ দল পার্বতীপুর উপজেলার মালিপাড়া এলাকায় এ অভিযান চালায়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে একটি বাড়ি থেকে ১৩৯ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়। এরপর ভোর ৫টার দিকে কাহারোল উপজেলার ইছাইল এলাকায় পরিচালিত পৃথক অভিযানে একটি বাড়ি থেকে ১৩ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি এবং ৯ কেজি ১০০ গ্রাম ওজনের বেলে পাথরের মনসা মূর্তি উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
আরও জানানো হয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধার হওয়া প্রত্নবস্তুগুলোকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন। ১৯৬৮ সালের (১৯৭৬ সালে সংশোধিত) পুরাকীর্তি সংরক্ষণ আইন অনুযায়ী এসব প্রত্নসম্পদ সংরক্ষণের দায়িত্ব প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত।
উদ্ধার হওয়া তিনটি প্রত্নবস্তুর মোট জব্দমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকা। তবে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এসব নিদর্শনের প্রকৃত মূল্য এর চেয়েও অনেক বেশি বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, ‘দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে।’




