ইয়েমেনের তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলের দিকে হুথিদের অগ্রযাত্রা, তীব্র হচ্ছে গৃহযুদ্ধ

ইরান-সমর্থিত হুতিদের সমর্থকেরা
ইরান-সমর্থিত হুতিদের সমর্থকেরা | ছবি: সংগৃহীত
0

ইয়েমেনের লোহিত সাগর উপকূলীয় এলাকায় বড় ধরনের সাফল্য পাওয়ার এক সপ্তাহ পর এবার দেশটির তেলসমৃদ্ধ পূর্বাঞ্চল দখলের দিকে চোখ বাড়িয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। তাদের এই ঝটিকা অভিযানের ফলে ১২ বছর ধরে চলা ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে তীব্র আকার ধারণ করেছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে।

হুথিরা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোখা বন্দরনগরী এবং বাব এল-মান্দেব প্রণালির কাছের কয়েকটি দ্বীপ দখল করে নিয়েছে। এর ফলে বিশ্ব বাণিজ্যের ১২ শতাংশের নিয়ন্ত্রণ এখন তাদের হাতের মুঠোয়। বর্তমানে তারা তেলসমৃদ্ধ মারিব প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে, যা সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের অন্যতম প্রধান সামরিক ঘাঁটি। অন্যদিকে এই যুদ্ধে মার্কিন প্রশাসন কোনো ধরনের সরাসরি সামরিক হস্তক্ষেপে জড়াবে না বলে ইঙ্গিত দিয়েছে।

হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি এপিকে জানান, মূলত সৌদি আরবই ইয়েমেনের যাতায়াত পথ বন্ধ করে অন্যায্য অবরোধ চাপিয়ে দিয়েছিল। তাই তারা সৌদি তেলের ট্যাংকার ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। সাম্প্রতিক লড়াইয়ের ফলে প্রায় ১ লাখ ২৫ হাজার ইয়েমেনি নাগরিক নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। নিহত হয়েছেন বেশ কয়েকজন বেসামরিক মানুষ।

জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে, ইয়েমেনে খাদ্য, স্বাস্থ্য ও পানির তীব্র সংকট তৈরি হয়েছে। জাতিসংঘের প্রয়োজনীয় তহবিলের মাত্র ২০ শতাংশ অনুদান পাওয়া গেছে, যার ফলে লাখ লাখ মানুষের জীবন এখন হুমকির মুখে। আঞ্চলিক বিভিন্ন দেশ মধ্যস্থতার চেষ্টা করলেও যুক্তরাষ্ট্র-ইরান দ্বন্দ্ব মেটানো ছাড়া ইয়েমেন সংকটের স্থায়ী সমাধান করা কঠিন হয়ে পড়েছে।

এএম