খামেনির কফিন নিয়ে গুঞ্জন, লাল পতাকায় প্রতিশোধের বার্তা

আয়াতুল্লাহ আলী খামেনি
আয়াতুল্লাহ আলী খামেনি | ছবি : সংগৃহীত
0

আয়াতুল্লাহ আলী খামেনির কফিনে তার মরদেহ রয়েছে কী না তা নিয়ে গুঞ্জন উঠেছে নানা মহলে। এ নিয়ে ইরান ইন্টারন্যাশনালের নিউজ বলছে, কফিনের ভেতরে মরদেহ রয়েছে কী-না এর চেয়ে গুরুত্বপূর্ণ খামেনির শেষ বিদায়ে এতো বিশাল আয়োজন বিশ্বকে কী বার্তা দিচ্ছে? লাল পতাকার মাধ্যমে খামেনির হত্যার প্রতিশোধ এবং প্রায় ৪ কোটি ডলার ব্যয়ের ঐতিহাসিক এই আয়োজন ইরানের মজবুত অর্থনীতি তুলে ধরছে বিশ্বের কাছে।

পতাকায় মোড়ানো কফিন। তিন ছেলে কাঁধে করে ইরানের প্রয়াত শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নিয়ে আসেন তেহরানের গ্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে। রোববার সকালে লাখ লাখ মানুষের অংশগ্রহণে সেখানেই অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। একইসঙ্গে জানাজা হয় পরিবারের আরও ৪ সদস্যের।

তবে আদৌ কফিনের ভেতরে খামেনির মরদেহ রয়েছে কী-না, এ নিয়ে গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা হচ্ছে, গেলো ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরাইলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের পর তার মরদেহ সাময়িকভাবে কোম শহরের ফাতিমা মাসুমেহ মাজারে দাফন করা হয়। ইসলামের বিধান অনুযায়ী, মৃত্যুর পর যত দ্রুত সম্ভব মরদেহের দাফন সম্পন্ন করতে হয়। সে হিসেবে কফিন কেবলমাত্র মরদেহের প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও ধারণা অনেকের। যদিও বিষয়টি অস্বীকার করেছে তেহরান ।

যদিও অনেকেই বলছেন, কফিনে খামেনির মরদেহ রয়েছে কী না, তা বড় প্রশ্ন নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের এতো বিশাল আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকে কী বার্তা দিচ্ছে তেহরান? ইরান এখনও পূর্ণ শক্তিতে দাঁড়িয়ে রয়েছে। চাইলেই তাদের ওপর খবরদারি করার ক্ষমতা কারও নেই। প্রায় ৪ দশক ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন অপ্রতিরোধ্য শাসন ব্যবস্থার প্রতীক।

খামেনির বিদায় অনুষ্ঠানে তেহরানের গ্র্যান্ড মোসাল্লাসহ ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় লাল পতাকা টানানো হয়েছে। যা শিয়া ধর্ম অনুযায়ী প্রতিশোধের প্রতীক। খামেনি হত্যার বিচারে দৃঢ় প্রতিজ্ঞার কথাই জানান দিচ্ছেন ইরানিরা। এসময় প্রতিশোধ প্রতিশোধ স্লোগানেও কাঁপে গোটা মোসাল্লা কমপ্লেক্স।

চরম অর্থনৈতিক সংকটের মধ্যেও খামেনির বিদায় অনুষ্ঠানে শুধুমাত্র তেহরানে খরচ হচ্ছে ১ কোটি ৭০ লাখ ডলার। এছাড়া কোম, মাশদাদ, নাজাফ ও কারবালা শহরের জন্য ৫০ লাখ ডলার করে বাজেট বরাদ্দ রাখা হয়েছে।

ইএ