নেত্রকোণায় ৫০ লাখ টাকার ভারতীয় কেমিক্যালসহ ট্রাক জব্দ

কেমিক্যালসহ মিনি ট্রাক জব্দ
কেমিক্যালসহ মিনি ট্রাক জব্দ | ছবি: এখন টিভি
0

নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৮ ড্রাম ভারতীয় কেমিক্যালসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে নেত্রকোণা ৩১ বিজিবি। আজ (শনিবার, ৩ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।

এর আগে শুক্রবার রাতে কলমাকান্দার উপজেলার খারনই ইউনিয়নের সরুজের মোড় এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় মিনি ট্রাকসহ কেমিক্যাল জব্দ করে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) খারনই বিওপি’র ৬ সদস্যের একটি বিশেষ টহল দল শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ১১৭৬/৫-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চলাকালে ভারত থেকে আসা সন্দেহভাজন একটি মিনি ট্রাক দেখতে পেয়ে বিজিবি টহল দল সেটিকে চ্যালেঞ্জ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ট্রাকটি ফেলেই পালিয়ে যায়।

আরও পড়ুন:

পরে ফেলে যাওয়া ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১৮ ড্রাম ভারতীয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি কেমিক্যাল জব্দ করে বিজিবি। জব্দকৃত ১৮ ড্রাম কেমিক্যালের আনুমানিক বাজার মূল্য ৩২ লাখ টাকা এবং মিনি ট্রাকটির মূল্য ১৮ লাখ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বলেন, ‘আটককৃত কেমিক্যাল ও মিনি ট্রাকটি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোণা কাস্টমস অফিসে জমা করার প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এসএস