মার্কিন সরকারকে কোম্পানির অংশীদার বানাতে চায় ওপেনএআই

ওপেনএআই
ওপেনএআই | ছবি: সংগৃহীত
0

ওয়াশিংটনের ক্রমবর্ধমান রাজনৈতিক চাপ কমাতে মার্কিন সরকারকে নিজেদের কোম্পানির ৫ শতাংশ মালিকানা বা শেয়ার দেয়ার প্রস্তাব দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণাকারী প্রতিষ্ঠান ওপেনএআই। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ওপেনএআইয়ের বর্তমান বাজারমূল্য অনুযায়ী এই শেয়ারের দাম হবে প্রায় ৪ হাজার ২৬০ কোটি ডলার (প্রায় ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা)।

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রাথমিক আলোচনায় এই প্রস্তাব দেন। তিনি যুক্তি দেখিয়েছেন যে কোম্পানির আর্থিক স্বার্থে সাধারণ মানুষকে অংশীদার করা এআইয়ের সুফল সবার মধ্যে ভাগ করে নেয়ার সেরা উপায়। স্যাম অল্টম্যানের প্রস্তাব অনুযায়ী, সরকারের একটি বিশেষ তহবিলের মাধ্যমে ওপেনএআইয়ের মতো যুক্তরাষ্ট্রের অন্যান্য শীর্ষ এআই প্রতিষ্ঠান যেমন—অ্যানথ্রোপিক, গুগল ও মেটারও ৫ শতাংশ শেয়ার সরকারের কাছে থাকতে পারে। তবে অন্য কোম্পানিগুলো এই প্রস্তাবে রাজি হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের উন্নত এআই মডেলগুলোর সাইবার নিরাপত্তা এবং চীনের সস্তা ওপেন সোর্স মডেলগুলোর সঙ্গে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে ওয়াশিংটন যখন এআই কোম্পানিগুলোর ওপর চাপ বাড়াচ্ছে, ঠিক তখনই এই খবর সামনে এল। এর আগে গত বছর মার্কিন সরকার চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেলের ১০ শতাংশ মালিকানা গ্রহণ করেছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই জায়ান্টগুলোতে সরকারের অংশীদারত্ব থাকাকে একটি ‘চমৎকার বিষয়’ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, এর ফলে আমেরিকানরা এই বিপ্লবের অংশীদার হতে পারবে।

ওপেনএআই গত মার্চ মাসে একটি রেকর্ড বিনিয়োগ পাওয়ার পর বর্তমানে তাদের বাজারমূল্য দাঁড়িয়েছে ৮৫২ বিলিয়ন ডলারে। গত এপ্রিল মাসে প্রতিষ্ঠানটি এআই কোম্পানিগুলোর প্রবৃদ্ধি থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধা জনগণের মধ্যে বণ্টন করার জন্য একটি ‘পাবলিক ওয়েলথ ফান্ড’ গঠনের প্রস্তাব দিয়েছিল। এখন সরাসরি সরকারকে অংশীদার করার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি রাজনৈতিক ও আইনি কড়াকড়ি থেকে রেহাই পেতে চাইছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এএম