ডলারের বিপরীতে ইয়েনের টানা দরপতন; শুধু হস্তক্ষেপে সমাধান দেখছেন না বিশ্লেষকেরা

ইয়েন
ইয়েন | ছবি: রয়টার্স
0

জাপানের চাঙ্গা শেয়ারবাজার দেশটির মুদ্রা ইয়েনের মান আরও কমিয়ে দিতে ভূমিকা রাখছে। আইজি মার্কেট অ্যানালিস্ট ফ্যাবিয়ান ইপ জানান, বিপুলসংখ্যক বিদেশি বিনিয়োগকারী জাপানি শেয়ারে বিনিয়োগের পাশাপাশি ইয়েনের সম্ভাব্য আরও দরপতনের ঝুঁকি মোকাবিলায় ‘হেজিং’ কৌশল অবলম্বন করছেন, যা মুদ্রার ওপর বাড়তি চাপ তৈরি করছে। বিজনেস ইন্সাইডারের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্লেষকেরা এখন বড় প্রশ্ন তুলছেন যে, যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে সুদের হারের বিশাল ব্যবধান বজায় থাকা অবস্থায় শুধু সরকারি হস্তক্ষেপ দিয়ে ইয়েনের এই নিম্নমুখী প্রবণতা ঠেকানো সম্ভব কি না। পেপারস্টোন-এর গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, বর্তমান পরিস্থিতি সাধারণ ‘ক্যারি ট্রেড’-এর সীমা ছাড়িয়ে গেছে। বিনিয়োগকারীরা এখন ক্রমবর্ধমান হারে ডলারের দিকে ঝুঁকছেন, যা ইয়েনের বিপরীতে ডলারকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

ওয়েস্টন আরও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রের সুদের হারের পূর্বাভাসে বড় কোনো পরিবর্তন না আসা পর্যন্ত কিংবা আন্তর্জাতিকভাবে সমন্বিত কোনো উদ্যোগ ছাড়া ইয়েনের বিপরীতে ডলার বিক্রি করা একটি কঠিন চ্যালেঞ্জ হয়েই থাকবে। মূলত জাপানি মুদ্রার ক্রমাগত দুর্বলতা এখন বিশ্ব অর্থনীতির অন্যতম আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।

এএম