‘ফ্যাসিস্টদের রুখতে জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে’

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি

শহীদ মিনারে ছাত্রদল মোমবাতি প্রজ্বলন
শহীদ মিনারে ছাত্রদল মোমবাতি প্রজ্বলন | ছবি: এখন টিভি
0

চব্বিশের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি আজ (বুধবার, ১ জুলাই)। জুলাইয়ের প্রথম প্রহরে শহীদ মিনারে শতশত মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয় শহীদ ও আহতদের। ছাত্রদলের এ আয়োজনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্টদের অবিশিষ্ট অংশ এখনও রয়ে গেছে, তাদের রুখে দিতে জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে। জুলাইকে নানাভাবে বিক্রি করেছে বিভিন্ন মহল- অভিযোগ করেন ছাত্রদল নেতারা।

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ছাত্র দলের এই আয়োজন।

অভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তিতে জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনের মশালের মতোই জ্বালালো হয় শত শত মোমবাতি। অনুষ্ঠানে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদল নেতারা বলেন, জুলাইকে ব্যবহার করে ফায়দা লুটেছে বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল। এসময় আগামীতে জুলাইয়ের অপব্যবহার রুখে দিয়ে সাম্যের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন তারা।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেন, ‘কোনো জুলাই ব্যবসা আমরা হতে দেবো না, কারণ এ আন্দোলনের সবচেয়ে বেশি রক্ত দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।’

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘শহীদদের রক্তের বদলা ও প্রতিশোধ নেওয়ার জন্য তারা জীবিত আছেন এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদল সবসময় অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন করবে।’

মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে যোগ দিয়ে রুহুল কবীর রিজভী বলেন, পরাজিত ফ্যাসিস্টদের অবিশিষ্ট অংশ এখনও রয়ে গেছে, তাদের রুখে দিতে জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘কোনো অগণতান্ত্রিক বা স্বৈরাচারী শক্তির যেন আর আগমন না ঘটে, সেজন্য এ স্মৃতি কেবল এক মাস বা একদিনের জন্য নয়, সবসময় মনে রাখতে হবে।’

আগামীতে যেন কোনো ফ্যাসিবাদ মাথা চারা দিতে না পারে- সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান দলটির নেতাকর্মীরা।

জেআর