কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতির অভিযোগ

কুষ্টিয়ার মিরপুর থানা
কুষ্টিয়ার মিরপুর থানা | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার মিরপুরে একটি চার্জার ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গতকাল (মঙ্গলবার, ৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার ডাকাতি পুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে,ভাড়া শেষে দৌলতপুর উপজেলার পচাভিটি গ্রামে ভ্যানচালক ওসমান তার বাড়িতে ফিরছিলেন। এমন সময় পথে ডাকাতি পুকুর এলাকায় পৌঁছালে ৩ থেকে ৪ জনের একটি ডাকাত দল দেশিয় অস্ত্রের মুখে তাকে আটকিয়ে পাশের একটি বাগানের গাছের সঙ্গে বেঁধে তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও ভ্যানটি ডাকাতি করে নিয়ে যায়।

পরে চালকের চিৎকারে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভ্যানচালক ওসমান দৌলতপুর উপজেলার পচাভিটি গ্রামের কাশেমের ছেলে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালককে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

এএইচ