গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান: গয়েশ্বর চন্দ্র রায়

গয়েশ্বর চন্দ্র রায়
গয়েশ্বর চন্দ্র রায় | ছবি: এখন টিভি
0

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতা রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে তিনি আরও বলেন- কোনো অবস্থাতেই গণতন্ত্র ব্যাহত হতে দেয়া হবে না। অন্যদিকে, রংপুরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, বিরোধীদল কৃত্রিমভাবে সার সংকট তৈরি করছে।

সম্প্রতি রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল, পেট্রোলবোমা উদ্ধার, বিস্ফোরণ এবং বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। যে কারণে শহরজুড়ে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। এসব ঘটনায় বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনেক নেতাকর্মীকে।

এবিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতা রুখতে সবাই সজাগ আছে। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করে প্রচলিত আইনের আওতায় আনা হবে। জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রয় বলেন, ‘ফ্যাসিবাদ চলে গেছে, ফ্যাসিবাদের নেতৃত্ব চলে গেছে। কিন্তু ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেক লোকই বাংলাদেশে রয়ে গেছে। গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য মাঝে মাঝেই ভোরবেলায় কোথাও কোথাও জড়ো পাঠাচ্ছেন। কখনো কখনো ককটেল ফাটানো এবং বোমা ফাটানোর মতো ঘটনা সারা দেশের মানুষকে উদ্বিগ্ন করেছে। আমরা জাতীয়তাবাদী দল সকল স্তরের নেতাকর্মীরা এ ব্যাপারে জনগণের পক্ষে সজাগ আছি।’

অন্যদিকে, রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের শহিদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করে বলেন, সরকারের বিভিন্ন কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বাইরের দেশের এজেন্ডায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিরোধী দল।

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘বিএনপি সরকার জনগণের জন্যেই যে সুন্দর সুন্দর কর্মসূচিগুলা আমরা মাঠে নিয়ে আসছি— এই কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করবার জন্য এবং দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবার জন্য বাইরের কোনো দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য অহেতুকভাবে, কোনো উদ্দেশ্য ছাড়া তারা এই কর্মসূচিগুলো নিচ্ছে। যে সমস্ত জেলা থেকে বেহেস্তিরা টিকিট বিক্রি করে নির্বাচিত হয়েছে— সারের সংকট ঠিক ঐ জেলাগুলোতেই কৃত্রিমভাবে দেখানো হয়েছে।’

রংপুর জেলা স্টেডিয়ামকে শহীদ আবু সাঈদের নামে নামকরণের ঘোষণা দেন প্রতিমন্ত্রী। এছাড়া আবু সাঈদ ফাউন্ডেশন ও আবু সাঈদের পৈত্রিক ভিটায় বাড়ি নির্মাণের জন্য কোটি টাকা বরাদ্দেরও প্রতিশ্রুতি দেন তিনি।

এফএস