নকআউট পর্বে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিজয় উল্লাসে মেতেছেন কানাডিয়ানরা। ফিফা বিশ্বকাপের আসরে ঐতিহাসিক জয়ে যুক্তরাষ্ট্র থেকে কানাডার মাটি সবখানে এখন কানাডিয়ানদের উচ্ছাস।
১-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করলো ‘দ্য রেডস’। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রতিক্ষার পর এবারই যেনো স্বপ্ন পূরণে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন ম্যাপেল লিফরা।
ক্যালিফোর্নিয়া স্টেডিয়ামে হওয়া নকআউট পর্বের খেলায় তা আরও একবার প্রমাণ করলো টিম কানাডা। তাইতো জয়ের উন্মাদনায় ভাসছেন কানাডাবাসী, চলছে বিজয় উদযাপন। কানাডার একজন বাসিন্দা বলেন, ‘কানাডা ইতিহাস তৈরি করেছে। আর এই ইতিহাস ভবিষ্যতেও হবে।’
বল দখল, আক্রমণভাগে আধিপত্য এবং প্রতিপক্ষের রক্ষণভাগ অতিক্রম করে ফুটবল খেলায় টিম ক্যানাক্সের আধিপত্য ধরে রাখায় খুশি ভক্ত সমর্থকরা। ম্যাপেল লিফদের সাফল্যে উচ্ছ্বসিত কানাডায় থাকা প্রবাসী বাংলাদেশিরাও। ফুটবল নৈপূণ্যে কানাডা বিশ্বমঞ্চে নতুনভাবে পরিচিত হয়ে ওঠছে বলে মনে করছেন তারা।
আগামী চৌঠা জুলাই শেষ ষোলো পর্বের ম্যাচে যুক্তরাষ্ট্রের টেক্সাসে মাঠে নামবে কানাডা। ইতিহাস গড়ার পর এবার সেই ইতিহাস আরও দীর্ঘ করার অপেক্ষায় ম্যাপল লিফসরা।
দুর্দান্ত গতি, আত্মবিশ্বাস আর দলগত ফুটবল ধরে রাখতে পারলে আরও বড় চমক ও ইতিহাস গাড়ায় স্বপ্ন দেখছেন সমর্থকরা।





