বিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন ছাড়া এই ধরনের দাবদাহ প্রায় অসম্ভব। ওমেগা ব্লক নামের একটি বিশেষ আবহাওয়া পরিস্থিতির কারণে ইউরোপের ওপর উত্তপ্ত বাতাস আটকা পড়েছে। ডেনমার্কে শনিবার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ১৮৭৪ সালে তাপমাত্রা পরিমাপ শুরু হওয়ার পর সর্বোচ্চ। এর আগে শুক্রবার জার্মানির সারব্রুকেন এলাকায় সর্বোচ্চ ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
তীব্র গরমের কারণে জনজীবন ও অবকাঠামো হুমকির মুখে পড়েছে। জার্মানির বিভিন্ন জায়গায় রাস্তা ফেটে যাওয়া এবং রেললাইন বেঁকে যাওয়ার আশঙ্কায় ট্রেন চলাচল সীমিত করা হয়েছে। দেশটির জাতীয় রেল সেবাদাতা প্রতিষ্ঠান ডয়চে বান যাত্রীদের বিনা খরচে টিকিট বাতিলের সুযোগ দিচ্ছে। ফ্রান্স, ইতালি ও পোল্যান্ডেও তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি বা তার ওপরে অবস্থান করছে। ইতালির ১৮টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
ফ্রান্সে প্রচণ্ড গরমে শিশু ও বৃদ্ধসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। দেশটির হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে এবং দাবদাহের কারণে দাবানলের প্রকোপও গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তীব্র গরমের কারণে ফ্রাঙ্কফুর্টে আয়োজিত আয়রনম্যান ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের সাইক্লিং ও দৌড়ের পথ সংক্ষিপ্ত করা হয়েছে। মিলান ও লুসানে প্রাইড মার্চ বা শোভাযাত্রার সময় পরিবর্তন করা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ওমেগা ব্লকের প্রভাবে মৌসুমি গড় তাপমাত্রার চেয়ে অনেক বেশি গরম অনুভূত হচ্ছে। তবে রোববার ভারী বজ্রবৃষ্টির মাধ্যমে এই চরম গরম কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে এশিয়ায় তৈরি এসি ও ফ্যানের চাহিদা ইউরোপের বাজারে কয়েক গুণ বেড়েছে।





