একসঙ্গে ২৯ কোটি টাকার বকেয়া আয়কর পরিশোধ করলো বিএসসিএল

বিএসসিএলের লোগো
বিএসসিএলের লোগো | ছবি: এখন টিভি
3

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের (২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২) অনাদায়ী আয়কর বাবদ মোট ২৯ কোটি ১৫ লাখ টাকা সরকারকে এককালীন পরিশোধ করেছে। চলতি অর্থবছরের জুনে এ বকেয়া পরিশোধ করা হয়।

অতীতের বকেয়া পরিশোধের পর বর্তমানে আর আয়কর বকেয়া নেই প্রতিষ্ঠানটির। বর্তমান ম্যানেজমেন্ট দায়িত্ব গ্রহণের পর অতীতের এ বকেয়া পরিশোধের উদ্যোগ গ্রহণ করে।

প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা পর্যালোচনা করে দীর্ঘদিনের এ বকেয়া নিষ্পত্তির উদ্যোগ নেয় বর্তমান ম্যানেজমেন্ট। এরই ধারাবাহিকতায় সরকারকে এককালীন ২৯ কোটি ১৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। বিএসসিএল মনে করে, অতীতের আর্থিক দায় পরিশোধের এ উদ্যোগ বিএসসিএলের আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিএসসিএলের মতে, অতীতের আর্থিক দায় নিষ্পত্তির এ উদ্যোগ প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তিকে আরও সুসংহত করবে এবং ভবিষ্যতে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতেও সহায়ক হবে।

আরও পড়ুন:

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান বলেন, ‘আমরা দায়িত্ব নেয়ার পর থেকেই বিএসসিএলের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। প্রতিষ্ঠানের অতীতের যেসব আর্থিক দায় অনিষ্পন্ন ছিলো, সেগুলো পর্যায়ক্রমে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছি। চার অর্থবছরের অনাদায়ী আয়কর পরিশোধ সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের লক্ষ্য শুধু আর্থিক সাফল্য অর্জন নয়, একটি জবাবদিহিমূলক, টেকসই ও সুশাসনভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে বিএসসিএলকে গড়ে তোলা।’

উল্লেখ্য, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে ২০২৪-২৫ অর্থবছরে প্রথমবারের মতো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বিএসসিএল। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য অর্থবছরে মোট আয় হয়েছে ২৪৫ কোটি ১৩ লাখ টাকা এবং মোট ব্যয় হয়েছে ২০৬ কোটি ৭৭ লাখ টাকা। ফলে প্রতিষ্ঠানের নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৮ কোটি ৩৫ লাখ টাকা।

এসএইচ