ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলে তাদের সেনারা ‘বেশ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসীকে নির্মূল’ করেছে। ইসরাইলি নাগরিক ও সেনাদের ওপর হুমকি দূর করতে ওই এলাকায় অভিযান অব্যাহত রাখা হবে বলেও তারা জানিয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে অধিকৃত গোলান মালভূমি সংলগ্ন জাতিসংঘ-নিয়ন্ত্রিত বাফার জোনে প্রবেশ করে ইসরাইলি বাহিনী। সিরিয়াসহ বিভিন্ন দেশ এই পদক্ষেপকে ১৯৭৩ সালের যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে সমালোচনা করে আসছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরাইল বর্তমানে সিরিয়ার আরও ২৩৫ বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়েছে।
অন্যদিকে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় আরপিজিসহ বেশ কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরাইল। এছাড়া সীমান্ত সংলগ্ন এলাকায় একটি রকেট লঞ্চারেও হামলা চালানো হয়েছে। যদিও লেবানন ও ইসরাইলের মধ্যে সম্প্রতি একটি নিরাপত্তা সমঝোতা স্বাক্ষরিত হয়েছে, তবে হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলি বাহিনীর এই সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।





