বত্রিশ নিশ্চিত মরক্কো-সুইজারল্যান্ডের; হেরেও উতরে গেলো কানাডা

ফিফা বিশ্বকাপ

সুইজারল্যান্ড, কানাডা, মরক্কো ও বসনিয়ার জয় উদযাপন
সুইজারল্যান্ড, কানাডা, মরক্কো ও বসনিয়ার জয় উদযাপন | ছবি: এখন টিভি
0

গ্রুপ ‘সি’-এর নাটকীয় ম্যাচে হাইতিকে ৪-২ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে মরক্কো। অন্যদিকে, গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে কানাডাকে ২-১ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হলো সুইজারল্যান্ড। তবে হেরেও প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট রাউন্ডে উঠেছে কানাডা। রাতের আরেক ম্যাচে কাতারকে উড়িয়ে নক আউটের স্বপ্ন জিইয়ে রেখেছে বসনিয়া।

বুধবার রাত ১ টায় কানাডার ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে কানাডা। স্বাগতিকদের সামনে সুযোগ ছিলো সুইসদের হারিয়ে গ্রুপ বি এর চ্যাম্পিয়ন হওয়ার। তবে আক্রমণ পালটা আক্রমণে ঠাসা প্রথমার্ধে একাধিক গোল মিসে গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দুর্দান্ত আক্রমণ থেকে কানাডার জালে বল জড়িয়ে দেন রুবেন ভারগাস।

এর মিনিট দশেক পরেই সুইজারল্যান্ডের লিড দ্বিগুণ করেন আগের ম্যাচেই জোড়া গোল করা ইয়োহান মানজাম্বি। ৭৬ মিনিটে স্বাগতিকদের হয়ে প্রমিজ ডেভিড এক গোল শোধ করলেও হার এড়াতে পারেনি তারা। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপে রানার্স আপ হয়েছে তারা।

আরও পড়ুন:

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সুইজারল্যান্ডের সম্ভাব্য প্রতিপক্ষ হবে ই,এফ,জি,আই অথবা জে গ্রুপের তৃতীয় সেরা দলের সাথে। তবে গ্রুপ জে এর ইরান অথবা বেলজিয়ামের সাথে খেলা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। রানার্স আপ হওয়া কানাডার সম্ভাব্য প্রতিপক্ষ গ্রুপ এ এর রানার্স আপ দল দক্ষিণ কোরিয়া অথবা চেক প্রজাতন্ত্র।

বি গ্রুপের আরেক ম্যাচে কাতারকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। যুক্তরাষ্ট্রের সিয়াটলে ২৯ মিনিটেই কাতারের বিরুদ্ধে কেরিমের গোলে এগিয়ে যায় বসনিয়া। ৩৪ মিনিটে কাতারি ডিফেন্ডার আত্মঘাতী গোল করলে আরও একবার এগিয়ে যায় বসনিয়া। প্রথমার্ধেই হাসান আক হেইদোস এক গোল শোধ দিলে জমে উঠে ম্যাচ। তবে ৮০ মিনিটে এরমিন মাহমিচের গোলে জয় নিশ্চিত করে বি গ্রুপের তৃতীয় সেরা দল হয়ে নকআউটে যাওয়ার স্বপ্ন জিইয়ে রাখে ইউরোপের দলটি।

ইএ